সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ৩
সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ায় প্রতারক চক্রের তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-১-এর একটি দল গতকাল বুধবার উত্তরা ও টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের আমজাদ হোসেন, এমরান হোসেন ও আবদুর রহমানকে গ্রেপ্তার করে। র্যাব-১-এর সহকারী পরিচালক আহাম্মেদ উল্লাহ আলম মজুমদার বলেন, সশস্ত্র বাহিনীতে ভর্তি পরীক্ষা নিয়মতান্ত্রিক। এখানে অসৎ পন্থায় কাউকে ভর্তি করে দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু প্রতারক চক্র মেজর সেজে সশস্ত্র বাহিনীতে ভর্তির প্রলোভন দেখিয়ে সহজ-সরল মানুষের কাছ থেকে টাকা নিয়েছে। র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতারক চক্রের মিথ্যা প্রলোভনে না পড়ে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সশস্ত্র বাহিনীতে যোগ দেওয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে। কোনো প্রতারক চক্রের সন্ধান পেলে নিকটবর্তী র্যাব ক্যাম্পে জানাতেও অনুরাধ করা হয়েছে।