সেন্ট যোসেফ স্কুলের সাফল্যের কৃতিত্ব শিক্ষার্থীদেরই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাফল্যের ধারা অব্যাহত রেখেছে রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল। পাসের হার শতভাগ, আর জিপিএ-৫ পাওয়ার হার ৯৫ দশমিক ৪৮ শতাংশ। স্কুলের অধ্যক্ষ ব্রাদার হ্যারল্ড বি রড্রিক্স ছাত্রদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘এই অসাধারণ ফলের জন্য আমরা খুব খুশি। আমি মনে করি, এই কৃতিত্বের দাবিদার তোমরাই। কঠোর পরিশ্রম ছাড়া এই ফল অর্জন সম্ভব ছিল না। এরপর আমি ধন্যবাদ দিতে চাই আমাদের শিক্ষক ও তোমাদের অভিভাবকদের, যাঁরা তোমাদের জন্য এতটা করেছেন।’ সেন্ট যোসেফ স্কুলে এ বছর বিজ্ঞান বিভাগ থেকে বাংলা ও ইংরেজি মাধ্যমে যথাক্রমে ৮৫ ও ৫৩ জন পরীক্ষা দেয়। বাংলা মাধ্যমে জিপিএ-৫ পেয়েছে ৮৪ জন, আর ইংরেজি মাধ্যমে ৫১ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ১৭ জনের মধ্যে ১৩ জন জিপিএ-৫ পেয়েছে। বেশির ভাগ ছাত্র জানায়, জিপিএ-৫ পাওয়া নিয়ে তাদের মনে কোনো সংশয় ছিল না।গতকাল স্কুলের বোর্ডে ফলাফল টাঙিয়ে দেওয়ার পর ছাত্ররা স্কুল-ক্যাম্পাসে শোভাযাত্রা বের করে। শিক্ষকেরাও ছাত্রদের আনন্দে শামিল হন। এক শিক্ষক বলেন, তাঁদের স্কুলে ছাত্ররা সাধারণত বাঁধভাঙা উল্লাসের সুযোগ পায় না। এত দিনের কষ্ট শেষে এত ভালো ফল করায় ছাত্রদের ধরে রাখা যায়নি। নুরুন্নাহার নামের একজন অভিভাবক বলেন, স্কুলের নিয়মানুবর্তিতাই ছেলের ভালো ফলের পেছনে কাজ করেছে। তিনি সাভার থেকে প্রতিদিন ছেলেকে স্কুলে নিয়ে আসতেন। জিপিএ-৫ পেয়ে ছেলে তাঁর সব কষ্ট ভুলিয়ে দিয়েছে।