সেবার জন্য চাই মহৎ হূদয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু বিত্ত নয়, মানবসেবার জন্য প্রয়োজন জয়নাল আবেদিনের মতো মহৎ হূদয়। দরকার মানুষের জন্য ভালোবাসা।রিকশাচালক জয়নাল আবেদিনের জীবন নিয়ে লেখা ‘মানবতার পাঠশালা’ বইয়ের মোড়ক উন্মোচন ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তরা এ কথা বলেন। এসইএল চ্যারিটেবল ফাউন্ডেশনের সভাপতি প্রকৌশলী মো. আবদুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেনে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, বইয়ের লেখক হরিদাস ঠাকুর, প্রকাশক অনুপম রায়, নারীনেত্রী ফরিদা আক্তার, সৈয়দ মাহাবুবুল আলম, সাংবাদিক মশিউর রহমান, ইফমা হোসাইন, আইনজীবী শফিকুর রহমান ও আজীজুল বারী। এসইএল চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল বুধবার সেল সেন্টার মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শতাধিক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইবনুল সাঈদ। অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘আমরা আত্মকেন্দ্রিক হয়ে পড়ছি। শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকছি। কিন্তু প্রতিটি মানুষের মাঝেই জয়নাল আবেদিন হওয়ার মতো কোনো না-কোনো গুণ আছে। প্রয়োজন শুধু নিজ নিজ অবস্থান থেকে একটু ত্যাগ স্বীকার করা।’ তিনি বলেন, ‘আমি জয়নালের হাসপাতাল, স্কুল, মাদ্রাসাসহ তাঁর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করব।’ মো. আবদুল আউয়াল বলেন, প্রকৃত মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য পড়াশোনার পাশাপাশি মানবসেবায় এগিয়ে আসতে হবে। আর এ ক্ষেত্রে তরুণদের কাছে জয়নাল আবেদিন অনুসরণীয় হতে পারে। হাজারো সীমাবদ্ধতার মাঝেও জয়নাল আবেদিন প্রমাণ করেছেন, দৃঢ় প্রত্যয় থাকলে কোনো বাধা আটকিয়ে রাখতে পারে না।জয়নাল আবেদিন বলেন, ‘আমি আমার চারপাশের মানুষগুলোকে নিয়ে ভালো থাকতে চাই। আমি রিকশা চালিয়ে একটা হাসপাতাল করেছি, একটা স্কুল করেছি, মেয়েদের জন্য একটা সেলাই প্রশিক্ষণ কেন্দ্র করছি। কিন্তু আমার হাসপাতালে এসে রোগীরা ওষুধ না পেলে আমার মনটা খারাপ হয়ে যায়।’ তিনি আরও বলেন, ‘আপনারা যদি শুধু পান-সিগারেটের পয়সাটা বাঁচিয়ে আমার হাসপাতালটার জন্য কিছু ওষুধ কিনে দেন, তা হলে তা গরিব মানুষদের কাজে লাগবে।’ ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের টানহাসাদিয়া গ্রামের মমতাজ হাসপাতালে এখন প্রতিদিন ১৫০ থেকে ২০০ রাগীকে চিকিৎসাসেবা ও বিনা মূল্যে ওষুধ দেওয়া হয়।