আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, দেশের আর্থসামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে বিচারকদের দায়িত্ব অনেক বেশি। আদালতে দীর্ঘদিন মামলা ঝুলে থাকলে বিচারপ্রার্থীরা নানা ভোগান্তির শিকার হন। তিনি জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে সেবার মনোভাব নিয়ে কাজ করতে বিচারকদের প্রতি আহ্বান জানান। গতকাল শনিবার সকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচারকদের এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনকালে আইনমন্ত্রী এ আহ্বান জানান।বিচারকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, আদালতে মামলা দীর্ঘদিন ঝুলে থাকা উচিত নয়। বিচারপ্রার্থীরা যে প্রত্যাশা নিয়ে আদালতে যান, অনেক সময় তাঁদের বিমুখ হতে হয়। নিষ্পত্তি-প্রক্রিয়ার বিভিন্ন স্তরে যে বিলম্ব ঘটে, সেদিকে আন্তরিক লক্ষ রাখলে মামলাজট কমে যাবে। সেবার মনোভাব নিয়ে বিচার করতে হবে, যেন মাসের পর মাস বিচারপ্রার্থীকে ঘুরতে না হয়।ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত মহাপরিচালক মফিজুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্সে সারা দেশ থেকে আসা জ্যেষ্ঠ সহকারী জজ, জ্যেষ্ঠ বিচারিক হাকিম ও সমপর্যায়ের কর্মকর্তাসহ ৩৪ জন অংশ নেন।শফিক আহমেদ বলেন, সমন জারি, সার্ভিস রিটার্নপ্রাপ্তিসহ বিভিন্ন স্তরে বিলম্বের কারণে মামলা নিষ্পত্তিতে দেরি হয়। বিলম্ব যাতে না হয়, সে জন্য মামলা নিষ্পত্তি-প্রক্রিয়ার প্রতিটি স্তরে সময় নির্ধারণ করে দেওয়ার ব্যাপারে সরকার চিন্তাভাবনা করছে। এ জন্য আইনে প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। আইনমন্ত্রী আরও বলেন, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা হওয়ার পর এখনো বিচারকস্বল্পতা রয়েছে। ইতিমধ্যে বর্তমান সরকারের সময়ে ২০০ জনের বেশি বিচারক নিয়োগ দেওয়া হয়েছে। আরও ১০০ জন বিচারকের নিয়োগ প্রক্রিয়াধীন আছে। দেশের ৬৪টি জেলা সদরে ১২ তলাবিশিষ্ট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।