
সেবিকা আর শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসকদের বিরোধে গতকাল রোববার রাজধানীর মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাসেবা কার্যত বন্ধ থাকে। এতে চরম দুর্ভোগে পড়েন রোগীরা। এ অবস্থায় ভর্তি থাকা অনেক রোগী হাসপাতাল থেকে চলে গেছেন। জরুরি বিভাগেও সেবা না পেয়ে ফিরে যেতে হয়েছে অনেককে।
সেবিকাদের অভিযোগ, মিটফোর্ড হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রকিবুল ইসলাম প্রসূতি বিভাগে গত শনিবার দুপুরে জ্যেষ্ঠ সেবিকা বকুল রানী বিশ্বাসকে মেরে রক্তাক্ত করেন। ঘটনা জানাজানির পর শনিবার দুপুর থেকে কর্মবিরতি শুরু করেন সেবিকারা। ন্যায়বিচারের আশ্বাস পেয়ে গতকাল দুপুরে তাঁরা কর্মবিরতি বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত করেন। এর মধ্যে বিচার না পেলে আগামী শনিবার থেকে লাগাতার কর্মবিরতি পালন করবেন তাঁরা।
দুপুরে কর্মবিরতি স্থগিতের ঘোষণা দিলেও বিকেল পর্যন্ত হাসপাতালের অনেক ওয়ার্ড ছিল সেবিকাশূন্য।
আর শিক্ষানবিশ চিকিৎসকেরা বলছেন, সেবিকাদের অভিযোগ পাওয়ার পরপরই হাসপাতাল কর্তৃপক্ষ শিক্ষানবিশ চিকিৎসক রকিবুলকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই সাময়িক বহিষ্কার করেছে। তাঁদের দাবি, রকিবুল কোনো সেবিকাকে মারধর করেননি। তাঁর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে গতকাল দুপুর থেকে কর্মবিরতি শুরু করেন শিক্ষানবিশ চিকিৎসকেরা। সন্ধ্যায় শিক্ষানবিশ চিকিৎসকদের মুখপাত্র কাজী ইফতেখার আমিন প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যা থেকেই তাঁরা কাজে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
হাসপাতাল সূত্র জানায়, মিটফোর্ড হাসপাতালে বিছানার সংখ্যা ৬০০, তবে সব সময়ই ৭০০ থেকে ৮০০ রোগী ভর্তি থাকেন। প্রতিদিন বহিবির্ভাগে চিকিৎসা নেন সহস্রাধিক লোক। হাসপাতালে ২৭০ জনের মতো সেবিকার পাশাপাশি সংলগ্ন নার্সিং ইনস্টিটিউটের দেড় শ শিক্ষার্থী রোগীদের সেবা দেন। এই হাসপাতালে নিয়মিত চিকিৎসকদের পাশাপাশি সব সময়ই ১৫০ থেকে ২০০ শিক্ষানবিশ চিকিৎসক কর্মরত থাকেন। বর্তমানে তিন ব্যাচের ১৯৫ জন শিক্ষানবিশ চিকিৎসক কাজ করছেন। গতকাল দুপুরে সেবিকা ও শিক্ষানবিশ চিকিৎসকেরা একযোগে কাজ বন্ধ করে দিলে হাসপাতালের চিকিৎসাব্যবস্থা ভেঙে পড়ে।
এর আগে গত ১৯ এপ্রিল শিক্ষানবিশ চিকিৎসকেরা বেসরকারি টিভি চ্যানেল একুশে টিভির কয়েকজন সাংবাদিককে বেদম মারধর করেন এবং তাঁদের ক্যামেরা ও মুঠোফোন ভেঙে দেন। ওই ঘটনায় সাংবাদিকেরা মামলা করলে তা প্রত্যাহারের দাবিতে ২২, ২৩ ও ২৪ এপ্রিল কর্মবিরতি পালন করেন শিক্ষানবিশ চিকিৎসকেরা।
হাসপাতালের নার্সেস সংগ্রাম কমিটির সদস্যসচিব জসীমউদ্দীন শিকদার প্রথম আলোকে বলেন, গতকাল হাসপাতালের পরিচালক ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধির আশ্বাসের পরিপ্রেক্ষিতে তাঁরা কর্মবিরতি প্রত্যাহার করেন। বৃহস্পতিবারের মধ্যে বিচার না পেলে আগামী শনিবার থেকে লাগাতার কর্মসূচিতে যাবেন তাঁরা।
দুপুরে সেবিকাদের নেতারা কর্মবিরতি প্রত্যাহার করে নিলেও প্রশিক্ষণার্থী সেবিকারা তা মানতে চাননি। তাঁরা বারান্দার কলাপসিবল ফটক ভেঙে পরিচালকের কক্ষের সামনে গিয়ে তাঁর কাছে ঘটনার বিচার দাবি করেন। একপর্যায়ে কয়েকজন পরিচালকের সঙ্গে বাগ্বিতণ্ডাও করেন।
বেলা একটার দিকে হাসপাতালের নিচতলায় গিয়ে জানা যায়, সেবিকারা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। তবে বেলা দেড়টা পর্যন্ত সেবিকারা দল বেঁধে নিচেই অবস্থান করেন। সেবিকাদের একটি অংশ কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত মানেনি। বিকেল পর্যন্ত সেবিকাদের বড় অংশ কাজের বাইরে ছিল।
এরপর হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন বলেন, অভিযুক্ত শিক্ষানবিশ চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটি প্রতিবেদন দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই আশ্বাসে সেবিকারা কর্মবিরতি স্থগিত করেন।
হাসপাতাল ছাড়ছেন রোগীরা: দুপুরে হাসপাতালের নিচে কথা হয় মজিরন বেওয়ার সঙ্গে। অন্তঃসত্ত্বা মেয়েকে নিয়ে হাসপাতাল ছাড়ছিলেন তিনি। তিনি বলেন, ‘হাসপাতালে ইনজেকশন দেয় না, স্যালাইন দেয় না। গরিব মানুষ আমরা। তাই বইল্লা মাইয়াডারে এইহানে রাইখা মারুম নাকি।’
গত শুক্রবার সন্তান প্রসব করেছেন নাফিসন বেগম। মা রোকেয়া আক্তারের সঙ্গে তিনিও হাসপাতাল ছাড়েন গতকাল বিকেলে। রোকেয়ার অভিযোগ, তাঁর মেয়ে এখনো প্রসবজনিত জটিলতা কাটিয়ে না উঠলেও চিকিৎসকেরা ‘ছুটি’ দিয়ে দিয়েছেন। তাই তাঁদের চলে যেতে হচ্ছে।
বেলা পৌনে দুইটার দিকে হাসপাতালের জরুরি বিভাগের বাইরে কথা হয় হৃদ্রোগে আক্রান্ত মিনারা বেগমের স্বজনদের সঙ্গে। মিনারাকে একটি রিকশায় উঠিয়ে দিয়ে তাঁর স্বজন মো. জসীম বলেন, কেরানীগঞ্জ থেকে তাঁরা এসেছেন। হাসপাতালে ঢোকার পরেই কয়েকজন সেবিকা ধমকে বলেন, ‘এখানে হবে না, বাহির হন।’ জসীম ক্ষোভের সঙ্গে বলেন, তাঁদের তাড়িয়ে দেওয়া হয়েছে। এখন তাঁরা একটি বেসরকারি হাসপাতালে যাচ্ছেন।
মিনারাকে যখন রিকশায় ওঠানো হচ্ছিল, তখন পাশ থেকে এক যুবক সদরঘাটের একটি হাসপাতালে ওই রোগীকে নিতে চাপাচাপি করছিলেন। ওই হাসপাতালে হৃদ্রোগের চিকিৎসা খুবই ভালো ইত্যাদি বলে পটানোর চেষ্টা করছিলেন।
কিছুক্ষণ পর একটি রিকশাভ্যানে কেরানীগঞ্জ থেকে আসেন পা ভাঙা রোগী জেসমিন আক্তার। তিনি এসেছিলেন পায়ের ব্যান্ডেজ খুলে নতুন ব্যান্ডেজ লাগানোর জন্য। তবে সেই সেবা পাননি। তাঁকে দালালেরা পটিয়ে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।