সেলফি তোলা কেনাকাটা সবই চলছে বাণিজ্য মেলায়

লম্বা সেলফি স্ট্যান্ডের মাথায় লাগানো মুঠোফোন। কোলে ছেলেকে নিয়ে ১৫-২০ মিনিট ধরে ঘুরে ঘুরে সেলফি তুলছিলেন তিনি। কিছুক্ষণ পর তিনটি আইসক্রিম হাতে নিয়ে যোগ দিলেন তাঁর স্ত্রী। আবারও বিভিন্ন প্যাভিলিয়নের সামনে দাঁড়িয়ে সেলফি তুলতে শুরু করলেন।
নাম জানতে চাইলে বললেন, তরুণ। বাণিজ্য মেলায় এসে কিছু কেনাকাটা করেছেন কি না, জানতে চাইলে যেন একটু বিরক্ত হলেন। ‘ঘুরছি-ফিরছি, সেলফি তুলছি’—সংক্ষিপ্ত জবাব দিয়ে আবার সেই কাজে মনোযোগ দিলেন তিনি। তবে তাঁর স্ত্রীর সপ্রতিভ উত্তর, ‘এই যে আইসক্রিম কিনলাম...।’
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নবম দিনে গতকাল শনিবারও ছিল মানুষের ঢল। সাপ্তাহিক সরকারি ছুটির এই শেষ দিনের বিকেল থেকে মেলায় মানুষের ঢল নামে, সন্ধ্যার পর সেই ভিড় আরও বাড়তে থাকে। মেলায় ঘুরে দেখা গেল, বেশির ভাগ মানুষই গিয়েছেন সপরিবারে, নয়তো দল বেঁধে বন্ধুবান্ধব নিয়ে। কেউ ছবি বা সেলফি তুলছেন, কেউ কেউ শুধু ঘুরছেন, কেউ খাওয়াদাওয়া করছেন। আবার অনেকে গভীর মনোযোগের সঙ্গে স্টলে স্টলে গিয়ে জিনিসপত্র খুঁটিয়ে দেখছেন। মেলায় শিশুদের জন্য ছিল বিনোদনের বিশেষ ব্যবস্থাও। কেনাকাটা করে দুই হাতে ব্যাগ ঝুলিয়ে বাড়ির পথে রওনা দেওয়া লোকের সংখ্যাও কম ছিল না।
মেলায় ঘুরে তরুণের মতো সেলফি তুলে ফেসবুকে পোস্ট করার মতো লোক চোখে পড়েছে বহু। তাঁদের বেশির ভাগ ছিলেন বন্ধুবান্ধব। তবে গৃহস্থালির জিনিসপত্র কেনাকাটায় মগ্ন অসংখ্য নারীকে মেলায় দেখা গেছে। আরএফএল, বেঙ্গল গ্রুপের প্যাভিলিয়নে গিয়ে দেখা গেল, সেখানে নারীদের ঢল। প্রচুর পরিমাণে প্লাস্টিক পণ্য বিক্রি হতে দেখা গেছে এসব স্টলে।
আরএফএলের প্যাভিলিয়নে দরদাম করে পণ্য কিনছিলেন মিরপুরের পারভীন সুলতানা। বাণিজ্য মেলা থেকে প্লাস্টিক পণ্য কেনার যুক্তি হিসেবে বললেন, পণ্যের সংখ্যা ও ধরন অনেক বেশি থাকায় পছন্দ করে জিনিস কেনা যায়, আবার বিভিন্ন অফার থাকে। তাই নিয়মিত বাণিজ্য মেলা থেকে এসব পণ্য কেনেন। তাঁর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করলেন সঙ্গী মাহমুদা ইসলাম। তিনি যোগ করলেন, ‘মেলা উপলক্ষে কোম্পানিগুলো অনেক নতুন পণ্য বাজারে আনে। এ জন্যই মেলায় আসা।’
মেলায় মানুষ শুধু ঘুরতে আসছেন না, বরং কেনাবেচাও ভালো হচ্ছে—জানালেন বেঙ্গল গ্রুপের প্যাভিলিয়নের আইটি নির্বাহী হেলমি হাসান। তিনি প্রথম আলোকে বলেন, গত বছরের তুলনায় এবার কেনাবেচা ভালো। কারণ, গতবার এ সময় অবরোধ, জ্বালাও-পোড়াওয়ের জন্য মানুষ মেলায় আসতে পারেনি। এবার রাজনৈতিক পরিস্থিতি শান্ত, তাই কেনাবেচাও সন্তোষজনক।
গৃহস্থালি পণ্যের পাশাপাশি আসবাবের প্যাভিলিয়নগুলোতে মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। রামপুরার মো. হাসান মেলায় এসেছেন বোনের বিয়ে উপলক্ষে খাট, আলমারি ও ড্রেসিং টেবিলের একটি সেট কেনার জন্য। আগামী এক সপ্তাহের মধ্যে তাঁর এই সেটটি প্রয়োজন, কিন্তু কোনো প্রতিষ্ঠানই এত দ্রুত সময়ে তা সরবরাহ করতে পারছে না।
আসবাব নির্মাণপ্রতিষ্ঠান হাতিলের সহকারী ব্যবস্থাপক অতুল প্রসাদ সরকার জানালেন, বাণিজ্য মেলা উপলক্ষে সবগুলো নতুন ডিজাইনের পণ্য আনা হয়েছে। এ জন্য চাহিদাও আছে যথেষ্ট, পণ্যের অর্ডারও আসছে অনেক। এ জন্য সময় লাগছে। মেলা উপলক্ষে তাঁরা পণ্যভেদে ৫ থেকে ২০ শতাংশ মূল্যছাড় দিয়েছেন, তাই মানুষের আগ্রহও বেড়েছে।
খাদ্যপণ্য ও পোশাক-আশাক কেনার ক্ষেত্রেও উৎসুক মানুষের অভাব ছিল না বাণিজ্য মেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আরফান চার-পাঁচজন বন্ধুকে নিয়ে মেলায় ঘুরছিলেন। তাঁদের উদ্দেশ্য—মূল্যছাড়ে যদি কোনো ব্লেজার কেনা যায়। বিস্কুট-চিপসের বিশাল বাক্স হাতে নিয়ে মা-বাবার সঙ্গে কাটাসুর থেকে মেলায় আসা ১২ বছরের রুম্মান জানায়, প্রতিবছরই সে মেলা থেকে নানা ধরনের চিপস কিনে নিয়ে যায়।
জানতে চাইলে বাণিজ্য মেলার সদস্যসচিব রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘নিঃসন্দেহে গত বছরের তুলনায় এবার বাণিজ্য মেলায় মানুষের সাড়া অনেক বেশি। গত বছরের ৫ জানুয়ারি থেকে রাজনৈতিক অস্থিরতায় মেলায় লোকসমাগম কম হয়েছে, পরে শেষ দিকে কিছুটা বেড়েছিল। কিন্তু এবার প্রথম দিন থেকেই মানুষের সাড়া ব্যাপক। শুক্রবারও আনুমানিক দুই লাখ মানুষ মেলায় এসেছেন, আজও সেটা লাখ দেড়েকের কম হবে না।’