নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সোলার সামগ্রীর দাম কমানোর সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা। এ জন্য তাঁরা সরকারের সমন্বিত উদ্যোগ দরকার বলে মনে করছেন।
গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তি ইনস্টিটিউটে তিন দিনব্যাপী ‘নবায়নযোগ্য শক্তি মেলা-২০১৬’-এর সমাপনী অনুষ্ঠানে বিশেষজ্ঞরা এ কথা বলেন। এ সময় মেলা উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। শক্তি ইনস্টিটিউট ও বাংলাদেশ সোলার এনার্জি সোসাইটি যৌথভাবে এ মেলার আয়োজন করে। মেলার মিডিয়া পার্টনার ছিল প্রথম আলো।
গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেন, ঢাকা শহরে এখন গ্যাস-সংকট চলছে। প্রাকৃতিক শক্তিকে যথাযথভাবে ব্যবহার করা গেলে এ সংকট এতটা তীব্র হতো না। তিনি বলেন, ‘এ মুহূর্তে ঢাকা শহরের অনেক বাসাবাড়িতে রান্নাবান্নার কাজে ব্যবহারের জন্য গ্যাস নেই। তার মানে আমাদের গ্যাসের মজুত ব্যাপকভাবে কমে গেছে। এখন আমাদের নবায়নযোগ্য জ্বালানির দিকে নজর দিতে হবে। আর এ জন্য সোলার সামগ্রীর দাম কমাতে হবে।’ শাইখ সিরাজ বলেন, ‘তেল ভরো, সামনে চলো’ নীতি থেকে সরে আসতে হবে। নবায়নযোগ্য জ্বালানির দিকে যেতে হবে, যেটা আজীবন ব্যবহার করা যাবে।
সমাপনী অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ বায়োগ্যাস ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ গোফরান বলেন, বাংলাদেশে তিন লাখ একর জমিতে ভুট্টা হয়। অনেকেই হয়তো জানেন না যে, ভুট্টাগাছে বিদ্যুৎ হয় বা ভুট্টাগাছে গ্যাস হয়। বাংলাদেশে শুধু ঢাকা শহরে ছয় হাজার মেট্রিক টন আবর্জনা হয় প্রতিবছর, এর থেকে প্রায় ১২ হাজার গাড়ি সিএনজিতে চলতে পারে। এ ধরনের নবায়নযোগ্য শক্তির দিকে দ্রুত যেতে হবে।
এ সময় শক্তি ইনস্টিটিউটের পরিচালক সাইফুল হক, বেস্টওয়ে গ্রুপের চেয়ারম্যান মো. মিজানুর রহমান ও বিসিএসআইআরের গবেষণা কর্মকর্তা মো. শাহরিয়ার বাশার বক্তব্য দেন। বক্তারা সোলার সামগ্রীর দাম কমানোর জন্য সরকারকে ভর্তুকি দেওয়ার কথা বলেন। সমাপনী অনুষ্ঠানে নবায়নযোগ্য শক্তি নিয়ে চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
নবায়নযোগ্য নতুন উদ্ভাবনের জন্য সেরা অংশগ্রহণকারী হিসেবে ইন্ট্রাকো প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। এই প্রতিষ্ঠানটি কীটনাশক ছাড়াই ফসলের পোকামাকড় নিধনে একটি যন্ত্রের প্রদর্শনী করে। এই যন্ত্রের মাধ্যমে নিধন করা পোকামাকড় মাছের খাবারে পরিণত হয়। এ ছাড়া দ্বিতীয় স্থান অধিকার করে বেস্টওয়ে পাওয়ার ব্যাংক, তৃতীয় হয় বেঙ্গল সোলার।
তিন দিনের এ মেলায় মোট ৪০টি প্রতিষ্ঠান তাদের উদ্ভাবিত এবং তৈরি করা যন্ত্র ও প্রযুক্তি প্রদর্শন করে। তিন দিনে বিভিন্ন সময়ে আয়োজিত দেশের বিশেষজ্ঞরা ২০টির বেশি প্রবন্ধ উপস্থাপন করেন।