সৈনিক স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সেনানিবাসের জিয়া কলোনি থেকে পুলিশ গতকাল বুধবার সকালে রাবেয়া সুলতানা (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। তিনি সেনানিবাসে কর্মরত সৈনিক জাহাঙ্গীর হোসেনের স্ত্রী।পরিবারের অভিযোগ, সৈনিক জাহাঙ্গীর রাবেয়াকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে পালিয়ে গেছেন।ক্যান্টনমেন্ট থানা সূত্র জানায়, সৈনিক জাহাঙ্গীর তাঁর স্ত্রী ও শিশুসন্তান সাজিদকে নিয়ে জিয়া কলোনির ২০১ নম্বর সড়কের ১২২ নম্বর কোয়ার্টারের দ্বিতীয় তলায় থাকতেন। গতকাল সকাল সোয়া সাতটার দিকে পুলিশ ওই বাসার মেঝে থেকে রাবেয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।ক্যান্টনমেন্ট থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) আবদুল লতিফ বলেন, গৃহবধূ রাবেয়ার গলায় ফাঁস লাগানোর চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।গৃহবধূর ভাই আবদুর রাজ্জাক গতকাল মর্গে সাংবাদিকদের বলেন, রাবেয়া গত বছর পাবনা এডওয়ার্ড কলেজ থেকে ইতিহাস বিষয়ে স্নাতক (সম্মান) পাস করেন। তিনি ১৫ দিন তাঁদের পাবনার গ্রামের বাড়ি থেকে বেড়ানো শেষে সেনানিবাসের কোয়ার্টারে আসেন। রাবেয়ার সঙ্গে তাঁর ভাতিজি রিয়া আসে। রিয়ার উদ্ধৃতি দিয়ে রাজ্জাক জানান, গত মঙ্গলবার দুপুরে রাবেয়ার সঙ্গে তাঁর স্বামী জাহাঙ্গীরের কথা-কাটাকাটি হয়। পরে রাতে রাবেয়ার সন্তান সাজিদকে নিয়ে রিয়া একটি কক্ষে এবং রাবেয়া ও তাঁর স্বামী অপর কক্ষে ঘুমান। রাত দুইটার দিকে শিশু সাজিদ কান্না শুরু করে। এ সময় রিয়া রাবেয়ার মুঠোফোনে যোগাযোগ করলে জাহাঙ্গীর ফোন ধরে বলেন, রাবেয়া অসুস্থ। পরে রাবেয়ার দরজার কড়া নাড়লে জাহাঙ্গীর বেরিয়ে বলেন, ‘ও খুব অসুস্থ’। এ সময় তিনি রিয়া ও রাবেয়ার মুঠোফোন সঙ্গে নিয়ে ডাক্তার আনার কথা বলে বেরিয়ে গিয়ে আর আসেননি। রাবেয়ার নিথর অবস্থা দেখে রিয়া চিৎকার দিলে পাশের ফ্ল্যাটের বাসিন্দারা ছুটে আসেন। পরে তাঁরা ক্যান্টনমেন্ট থানায় জানালে পুলিশ এসে রাবেয়ার লাশ উদ্ধার করে।