সোনারগাঁও হোটেলে ইফতার করল সুবিধাবঞ্চিত শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা আহ্ছানিয়া মহিলা মিশন শিশুসদনের ফুটফুটে শিশু ডালিয়া ও কুলসুম দুই বোন। তাদের মা-বাবা নেই। মা কেমন ছিলেন জানতে চাইলে পাঁচ বা ছয় বছর বয়সের ডালিয়া বলে, মা অনেক আদর করতেন। এক কথা বলেই সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে।আশিক ফাউন্ডেশনের আড়াই বছরের লাবিদা ব্লাড ক্যানসারে আক্রান্ত। জ্বর, মুখে ঘা, হাত-পা সাদা হয়ে যাওয়াসহ বিভিন্ন সমস্যার কারণে লাবিদাকে চিকিত্সকের কাছে চার মাস আগে নেওয়া হয়। লাবিদার মা বলেন, ‘ডাক্তার শুধু বলে ট্রিটমেন্ট করান।’ এ ফাউন্ডেশনের প্যালিয়েটিভ কেয়ার ইউনিটের তামান্না মীমের বয়স মাত্র সাত বছর। ফাউন্ডেশনের চিকিৎসক শাহীনুর কবীর জানালেন, ক্যানসারে আক্রান্ত তামান্নার আর কোনো চিকিৎসা নেই। তবে কত দিন সে বেঁচে থাকবে, তাও কেউ জানে না।গতকাল বৃহস্পতিবার নগরের পাঁচতারা সোনারগাঁও হোটেল ডালিয়ার মতো এতিম ও তামান্নার মতো অসহায় শিশুদের জন্য ইফতারের আয়োজন করে। সোনারগাঁওয়ের গ্র্যান্ড বলরুমে ১০টি সংগঠনের প্রায় সাড়ে ৪০০ শিশু ইফতারে অংশ নেয়। শিশুদের সঙ্গে অভিভাবক, শিক্ষক ও চিকিত্সকেরা উপস্থিত ছিলেন। মাদ্রাসায় ইফতারে কী কী খাও জানতে চাইলে টিক্কাপাড়া হাফেজিয়া মাদ্রাসার আট বছর বয়সের মো. আবদুল্লাহ ছোলা, মুড়ি, সবজি বড়া ছাড়া তেমন কোনো খাবারের নাম মনে করতে পারল না। এ মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা সিদ্দিকুর রহমান জানালেন, এসব খাবারের সঙ্গে মাঝেমধ্যে শিশুদের বিভিন্ন ফল খেতে দেওয়া হয়।প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল এই শিশুদের জন্য ফল, হালিম, আইসক্রিম, চিকেন ফ্রাইসহ বিভিন্ন মজার মজার খাবারের আয়োজন করে। ইফতারের পর মেহেদী নামের এক ছোট শিশু জানাল, সব খাবারের নাম না জানলেও সব খাবারই তার কাছে খুব মজা লেগেছে।শিশুদের এই ইফতার পার্টিতে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং সোনারগাঁও হোটেলের চেয়ারম্যান শফিকুল আলম বলেন, সমাজের সব সুবিধাবঞ্চিত শিশুকে হাজির করা সম্ভব নয়। এটি একটি প্রতীকী আয়োজন। এর মাধ্যমে সবাইকে মনে করিয়ে দিই যে এই শিশুদের দায়িত্ব রাষ্ট্র, সমাজ ও সবাইকে নিতে হবে।হোটেলের মহাব্যবস্থাপক ইলড্রিজ জে ম্যাক ওয়ান শিশুদের উদ্দেশে বলেন, ‘বাংলাদেশ দ্রুত উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। তোমরা নিজেদের প্রতি বিশ্বাস হারাবে না। তোমাদের মধ্য থেকেই কেউ চিকিৎসক, ইঞ্জিনিয়ার হবে।’ ইফতার পার্টিতে আম্বরশাহ মাদ্রাসা, আহ্ছানিয়া মহিলা মিশন, স্যার সলিমুল্লাহ এতিমখানা, ডরমেটরি এতিমখানা, আশিক ফাউন্ডেশন, আজিজিয়া মাদ্রাসা ও এতিম খানা, মহানপুর সাহী মাদ্রাসা ও এতিমখানা, টিক্কাপাড়া হাফেজিয়া মাদ্রাসা, আলহাজ মফিজুল ইসলাম মাদ্রাসা, হাজি আবদুল মিঞা হাফেজিয়া মাদ্রাসার শিশুরা অংশ নেন।