স্বাধীনতাস্তম্ভ ও সোহরাওয়ার্দী উদ্যানের সৌন্দর্য বৃদ্ধি এবং সংরক্ষণ নিয়ে প্রকল্পের তৃতীয় পর্যায়ের কাজের পরিকল্পনা করা হয়েছে। এর ফলে রমনার সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যান একীভূত হবে।
তৃতীয় পর্যায়ের নকশা করছে স্থাপত্য অধিদপ্তর। অধিদপ্তরের প্রধান স্থপতি আহসানুল হক খান গতকাল রোববার প্রথম আলোকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তৃতীয় প্রকল্পের কাজের পরিকল্পনা করা হচ্ছে। প্রধানমন্ত্রী চেয়েছেন শিল্পকলা একাডেমী, রমনা উদ্যান, সোহরাওয়ার্দী উদ্যান, বাংলা একাডেমি হয়ে শহীদ মিনার পর্যন্ত সোনার বাংলা সাংস্কৃতিক বলয়ের কাজটি এই পর্যায়ে শেষ করা হোক। সে অনুসারেই নকশা করা হচ্ছে। সহকারী প্রধান স্থপতি আসিফুর রহমান ভুঁইয়া নকশা প্রণয়নের প্রাথমিক পর্যায়ের কাজ করছেন। এই নকশায় রমনার সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানকে একীভূত করা হবে। এ জন্য মাঝখানের সড়কে একটি উড়ালসেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই উড়ালসেতু দিয়ে যাতায়াতের সময় লোকে পুরো এলাকাটির একটি ‘প্যানারোমিক ভিউ’ পাবেন।
স্থপতি আহসানুল হক আরও জানান, এই পরিকল্পনা অনুসারে সোহরাওয়ার্দী উদ্যানের সঙ্গে শিশুপার্ক ও পুলিশ ফাঁড়ি সংযুক্ত করে উদ্যানের সম্প্রসারণ করা হবে। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানসহ ঐতিহাসিক স্থানগুলো চিহ্নিত করা হয়েছে। এসব স্থানে বিশেষ ধরনের স্থাপনা নির্মাণ করা হবে। শিশুপার্ককে থিম পার্কে রূপান্তরিত করা হবে। এতে রাইডের পাশাপাশি মুক্তিযুদ্ধবিষয়ক নানা নিদর্শনও থাকবে, যাতে শিশু-কিশোরেরা মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারে।
স্বাধীনতাস্তম্ভটি গাছপালার আড়ালে পড়ে যাওয়ায় এখন কোনো পাশের সড়ক থেকেই তা দেখা যাচ্ছে না। এ প্রসঙ্গে প্রধান স্থপতি বলেন, উদ্যানটির সঙ্গে শিশুপার্ক যুক্ত হলে শিশুপার্কের প্রধান প্রবেশপথ থেকে শিখা চিরন্তন হয়ে স্বাধীনতাস্তম্ভ পর্যন্ত একটি ‘ভিউ করিডর’ নির্মাণ করা হবে। এই দুটি স্থাপনা একই সরলরেখায় অবস্থিত হওয়ায় ভিউ করিডরে উত্তর দিকের সড়ক দিয়ে যাতায়াতের সময় লোকে স্তম্ভটি দেখতে পাবেন।
নকশা চূড়ান্ত করা, প্রকল্প অনুমোদন, অর্থ বরাদ্দ—এসব পর্ব পার হওয়ার পর শুরু হবে তৃতীয় পর্যায়ের কাজ।