সোহরাওয়ার্দী হাসপাতালে জরুরি বিভাগ এখন সামনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ মূল ভবনের সামনে আনা হয়েছে। গতকাল রোববার দুপুরে নতুন জরুরি বিভাগ উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
জরুরি বিভাগ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে যেন কোনো দালাল ঢুকতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। দালাল প্রতিরোধের জন্য তিনি হাসপাতালের পরিচালকসহ অন্য কর্মকর্তা, কর্মচারী ও নার্সদের সহযোগিতা চান। তিনি বলেন, ১০ হাজার নার্স নিয়োগ দেওয়ার পর নার্স-সংকট অনেকটাই দূর হয়েছে। রাজধানীতে এখন চিকিৎসকেরও সংকট নেই।
সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগ এতকাল মূল ভবনের দক্ষিণ দিকে হাসপাতাল ও কলেজ ভবনের মাঝখানে ছিল। এটা সহজে চোখে পড়ত না। অনেকে জানেই না যে এই হাসপাতালে জরুরি সেবা দেওয়া হয়। এসব কারণে জরুরি বিভাগ মূল ভবনের সামনে আনা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘এই হাসপাতালের জরুরি বিভাগটি আগে এক কোনায় পড়ে ছিল। আমার নির্দেশে সেটি সামনে আনা হলো।’ জরুরি বিভাগ উদ্বোধনের আগে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের সামনের ফুলের বাগান ও ‘ওয়ান স্টপ ক্যাশ কাউন্টার’ উদ্বোধন করেন।