সোহরাওয়ার্দী উদ্যানকে দখলমুক্ত করার দাবি
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানকে দখলমুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোটার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।স্বাধীনতাসংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সোহরাওয়ার্দী উদ্যান থেকে সব দখলদার উৎখাত করার দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে উদ্যান থেকে গলফ কোর্স অপসারণ এবং ঢাকা ক্লাব ও গণপূর্ত বিভাগের মধ্যে এই উদ্যানের জমি দখলের চুক্তি অবিলম্বে বাতিল করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, সোহরাওয়ার্দী উদ্যানের একটি বড় অংশ দখল হয়ে আছে। এর মধ্যে সবচেয়ে বেশি দখল করে আছে ঢাকা ক্লাব। ২০০৭ সালের জুনে এই উদ্যানের প্রায় ৪০ শতাংশ স্থান তাদের হস্তান্তরের জন্য ওই সময়ের তত্ত্বাবধায়ক সরকার সম্মতি দিয়েছিল। এই লক্ষ্যে গণপূর্ত বিভাগের সঙ্গে তাদের একটি চুক্তিও সই হয়। পরে বাপা ও অন্যান্য সামাজিক সংগঠনের দাবির মুখে একটি রিট মামলার কারণে তা স্থগিত করা হলেও গলফ কোর্স সরিয়ে নেওয়া হয়নি।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, এই মাঠে গলফ ক্লাব স্থাপন করা হলে রাজধানীর মানুষ শ্বাস গ্রহণের এই নান্দনিক স্থান থেকে উৎখাত হবেন। দেশের ইতিহাস-ঐতিহ্য, মুক্তিযুদ্ধের চেতনা, পরিবেশ-প্রকৃতির ক্ষতি করে এই স্থানে গলফ ক্লাব স্থাপন করা যাবে না। এই উদ্যানের অখণ্ডতা, নিরাপত্তা, সংরক্ষণ, পবিত্রতা নিশ্চিত করার দাবিও তোলা হয় সংবাদ সম্মেলনে।সংবাদ সম্মেলনে বাপার যুগ্ম সম্পাদক শাহজাহান মৃধা ও শরীফ জামিল উপস্থিত ছিলেন। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন। বিজ্ঞপ্তি।