সোহরাওয়ার্দী উদ্যানে মন্ত্রীর গাছ না কাটার আশ্বাস
গাছ না কেটে সোহরাওয়ার্দী উদ্যানে চলমান স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (তৃতীয় পর্যায়) প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
আজ বৃহস্পতিবার রাজধানীর গণপূর্ত মিলনায়তনে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের আওতায় চলমান কার্যক্রম অবহিতকরণ ও উদ্যানকে সবুজায়নবিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কর্মশালায় উদ্ভিদবিদ, পরিবেশবিদ, স্থপতি, প্রকৌশলী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া।
মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ প্রকল্পটি রক্ষণাবেক্ষণের জন্য বিশেষ একটি কর্তৃপক্ষ তৈরি করা হবে। তিনি বলেন, প্রতিদিন অন্তত ১০ হাজার মানুষ এ প্রকল্প দেখতে আসবেন, যাঁদের মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দুই হাজার দর্শনার্থী-শিক্ষার্থীদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনা হবে। এত বড় এলাকায় মানুষের সমাগম হলেও কোনো শৌচাগারের সুবিধা এবং খাবারের ব্যবস্থা ছিল না। মুক্তিযুদ্ধের ইতিহাস জানার পাশাপাশি দর্শনার্থীরা যাতে নিরাপদ ও মানসম্পন্ন পরিবেশে কয়েক ঘণ্টা সময় কাটাতে পারেন, সেই ব্যবস্থা করা হচ্ছে।
কর্মশালায় জানানো হয়েছে, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (৩য় পর্যায়) শীর্ষক মহাপরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। পাকিস্তানি শাসনবিরোধী ২৩ বছরের মুক্তিসংগ্রাম ও ৯ মাসের মুক্তিযুদ্ধের ইতিহাস-সংবলিত ভাস্কর্য স্থাপন, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের স্থানে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন, পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের স্থানে ভাস্কর্য স্থাপন, ইন্দিরা মঞ্চ নির্মাণ, ওয়াটার বডি ও ফাউন্টেন নির্মাণ, ভূগর্ভস্থ ৫০০ গাড়ির কার পার্কিং, সাতটি ফুড কিয়স্ক (নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের পৃথক শৌচাগার ফ্যাসিলিটিসহ) ও শিশুপার্ক নির্মাণসহ বিভিন্ন নির্মাণকাজ চলমান রয়েছে।
এর মধ্যে ৫০০ গাড়ির ধারণক্ষমতাসম্পন্ন ভূগর্ভস্থ কার পার্কিংয়ের ভৌত অগ্রগতি ৮০ শতাংশ, ওয়াটার ফাউন্টেন নির্মাণের ভৌত অগ্রগতি ৮০ শতাংশ, ফুড কিয়স্ক নির্মাণের ভৌত অগ্রগতি ৭৫ শতাংশ, ওয়াকওয়ে নির্মাণের ভৌত অগ্রগতি ২৫ শতাংশ এবং মসজিদ নির্মাণের ভৌত অগ্রগতি হয়েছে ৮০ শতাংশ।
কর্মশালায় গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শামীম আক্তার, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক জহুরুল ইসলাম, স্থাপত্য অধিদপ্তরের অতিরিক্ত প্রধান স্থপতি আসিফ আহমেদ ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ জসীমউদ্দীন, অধ্যাপক মোহাম্মদ আলমুজাদ্দাদি আলফাসানি, অধ্যাপক মোহাম্মদ আজমল হোসেন ভূঁইয়া, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক হারুনুর রশিদ খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক কাজী শাখাওয়াত হোসাইন, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবদুল কাদের, একাত্তর টেলিভিশনের প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, গণমাধ্যম ব্যক্তিত্ব মনজুরুল আহসান বুলবুল, দীপ্ত টেলিভিশনের সিইও ফুয়াদ চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।