সোহরাওয়ার্দী উদ্যানে মিত্রবাহিনীর নামে স্মৃতিস্তম্ভ তৈরির উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় মিত্রবাহিনীর নামে স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ স্মৃতিস্তম্ভ নির্মাণ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। অগ্রাধিকার ভিত্তিতে এ প্রকল্প নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১০ কোটি টাকা। দেশের স্বাধীনতাযুদ্ধের ইতিহাসে ভারতীয় মিত্রবাহিনীর সহযোগিতা এবং এর গুরুত্ব বিবেচনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সূত্র জানায়, স্বাধীনতাযুদ্ধের সময় প্রায় ২০ হাজার মিত্রবাহিনী বাংলাদেশকে সহযোগিতা করেছে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে মিত্রবাহিনীর অবদান পৌঁছে দেওয়ার জন্য এ স্মৃতিস্তম্ভ নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ প্রকল্পের জন্য স্থাপত্য অধিদপ্তর স্থাপত্য নকশা তৈরি করবে এবং গণপূর্ত অধিদপ্তর প্রকল্পের ব্যয় প্রাক্কলন করবে। সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ নির্মাণ প্রকল্পের বিশেষজ্ঞ কমিটির মতামত নিয়েই এ প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।জানতে চাইলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব উজ্জ্বল বিকাশ দত্ত গতকাল প্রথম আলোকে বলেন, মিত্রবাহিনীর জন্য স্মৃতিস্তম্ভ নির্মাণের স্থান নির্বাচন নিয়ে কিছুটা জটিলতা রয়েছে। কেউ কেউ বলছেন, সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে এ স্মৃতিস্তম্ভ নির্মিত হোক, আবার কেউ প্রস্তাব করেছেন সোনারগাঁও হোটেলের সামনের পার্কে। এ বিষয়ে প্রকল্পের বিশেষজ্ঞ কমিটির মতামত চাওয়া হয়েছে। তবে সোহরাওয়ার্দী উদ্যানে এ স্মৃতিস্তম্ভ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।সূত্র জানায়, মিত্রবাহিনীর জন্য স্মৃতিস্তম্ভ নির্মাণের স্থান নির্বাচন নিয়ে মন্ত্রণালয়ে বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে সোনারগাঁও হোটেলের কাছের পার্কটিতে মিত্রবাহিনীর নামে স্মৃতিস্তম্ভ নির্মাণের প্রস্তাব দেন।তবে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রতিনিধি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনের সোহরাওয়ার্দী উদ্যানে মিত্রবাহিনীর নামে স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য কিছু মুক্তিযোদ্ধাকে নিয়ে একটি স্মৃতিফলক করা হয়েছে। প্রতিবছর ডিসেম্বরে তাঁরা এ স্মৃতিফলকে সম্মান জানান। সুতরাং সেখানে এ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা যেতে পারে। সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিনিধি এ বিষয়ে বলেন, সোহরাওয়ার্দী উদ্যানকে কেন্দ্র করে একটি সাংস্কৃতিক বলয় তৈরি করা হয়েছে। এ ছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক স্থানের রক্ষণাবেক্ষণের জন্য হাইকোর্ট থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ কারণে মিত্রবাহিনীর নামে স্মৃতিস্তম্ভ নির্মাণ প্রকল্পটি সোহরাওয়ার্দী উদ্যানে বাস্তবায়ন করতে হবে।স্বাধীনতা স্তম্ভ নির্মাণ: সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন ত্বরান্বিত এবং যথাসময়ে প্রকল্পের কাজ সমাপ্ত করার বিষয়ে দিকনির্দেশনা এবং ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানকে চিঠি দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম। চিঠিতে তাজুল ইসলাম বলেছেন, সরকার দায়িত্ব গ্রহণের পর প্রায় দুই বছর হতে চললেও প্রকল্পের কাজ এগোচ্ছে না। চিঠিতে বর্তমান সরকারের মেয়াদে এ কাজটি শেষ হবে কি না তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। প্রসঙ্গত, ২০১২ সালের মধ্যে এ প্রকল্প শেষ করার কথা রয়েছে।