নির্ধারিত সময় শেষে আরও দুই দফা সময় নিয়েও রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের নতুন ভবনটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে পারছে না নির্মাণকারী প্রতিষ্ঠান মাসুদ অ্যান্ড কোম্পানি। ফলে হাসপাতালের ভবনে চলা কলেজের অস্থায়ী ক্যাম্পাসে স্থান সংকুলান না হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হচ্ছেন। এক সপ্তাহ আগে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভবনটির ছয়তলার অবকাঠামো তৈরি হয়েছে। জানালায় অ্যালুমিনিয়ামের কাঠামো বসানো হচ্ছে। ভবনের সামনের রাস্তা তৈরি হচ্ছে। কলেজের অধ্যক্ষ এ বি এম মাকসুদুল আলম প্রথম আলোকে বলেন, ২০০৯ সালের ১৪ জুন ভবনটি কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার কথা ছিল। এরপর নির্মাতা প্রতিষ্ঠান আরও দুই দফা সময় নিলেও ভবনটি হস্তান্তর করতে পারেনি। ফলে কলেজের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।চতুর্থ বর্ষের ছাত্র কাজী আবদুস সাত্তার মাহবুব জানান, কলেজের অস্থায়ী ভবনে শ্রেণীকক্ষের স্বল্পতা রয়েছে। কলেজে বর্তমানে শিক্ষার্থী ৯০০ জন। লাইব্রেরিতে একসঙ্গে ৫০ জনের বেশি বসা যায় না। দুটি লেকচার গ্যালারির একেকটির ধারণক্ষমতা ১০০ জন। একসঙ্গে তিন ব্যাচের ক্লাস থাকলেও স্থান সংকটে সবাই ক্লাস করতে পারেন না। শেষ বর্ষের ছাত্র তানভীর হাসান বলেন, জুলাই মাসে তাঁদের ফাইনাল পরীক্ষা। অথচ কলেজ হাসপাতালে আঘাতজনিত (ক্যাজুয়ালটি) বিভাগ ও অস্ত্রোপচার-কক্ষ নেই। ফলে শেষ বর্ষের শিক্ষার্থীরা ক্যাজুয়ালটি বিষয়ে কিছু শিখতে পারেননি।চতুর্থ বর্ষের কয়েকজন শিক্ষার্থী জানান, জুলাই মাসে তাঁদের দ্বিতীয় পেশাগত পরীক্ষা শুরু হবে। অস্থায়ী কলেজ কিংবা হাসপাতাল ভবনে মর্গ না থাকায় তাঁরা ব্যবহারিক (প্র্যাকটিক্যাল) ক্লাস করতে পারেননি। কলেজের কয়েকজন শিক্ষক বলেন, অস্থায়ী কলেজ ভবনে জোড়াতালি দিয়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া ছাড়া তাঁদের কোনো বিকল্প নেই। ২০০৬ সালের ৭ মে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ভবনে কলেজের অস্থায়ী ক্যাম্পাস চালু হয়। এর কিছুদিন পর হাসপাতাল ভবনের জরুরি বিভাগ-সংলগ্ন দক্ষিণ দিকে কলেজ ভবন তৈরি শুরু হয়। এই কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মাসুদ অ্যান্ড কোম্পানি। সরকারের গণপূর্ত অধিদপ্তর কাজের তত্ত্বাবধানকারী। ঠিকাদার কোম্পানির প্রকল্প প্রকৌশলী শ্যামল চন্দ্র গোপ প্রথম আলোকে বলেন, ভবনটি তৈরির কাজ শেষ পর্যায়ে। এখন ধোয়া-মোছা ও রং করার কাজ চলছে। গণপূর্ত অধিদপ্তরের কাছে ভবনটি হস্তান্তরের প্রস্তুতিও চলছে। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হুমায়ুন কবির চৌধুরী বলেন, ভবনটির অবকাঠামো তৈরির পর এখন শেষ পর্যায়ের কাজ চলছে। চলতি মাসেই ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে তাঁরা ভবনটি বুঝে নিতে পারবেন। এরপর সেটি কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।