সোহরাওয়ার্দী হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আধুনিক সিটি স্ক্যান যন্ত্রসহ বেশ কিছু নতুন যন্ত্র এসেছে এবং সেগুলো চালুও হয়েছে। মস্তিষ্কের রক্তক্ষরণ, টিউমারসহ জটিল রোগ নির্ণয়ে চিকিৎসকদের কাজ অনেক সহজ হয়ে গেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, এখন পরীক্ষা-নিরীক্ষা করাতে রোগীপক্ষকে হাসপাতালের বাইরে যেতে হয় না। অত্যন্ত কম মূল্যে এসব পরীক্ষা-নিরীক্ষা এই হাসপাতালেই হচ্ছে। উপকৃত হচ্ছে রোগী। রেডিওলজি ও ইমেজিং বিভাগের সহকারী অধ্যাপক আশরাফউদ্দিন খান প্রথম আলোকে বলেন, আগে মস্তিষ্কে রক্তক্ষরণ, মস্তিষ্কের টিউমার, মস্তিষ্কের সংক্রমণসহ (ইনফেকশান) জটিল রোগীদের ব্যয়বহুল পরীক্ষার জন্য বাইরে পাঠাতে হতো। জাপান থেকে আনা সিটি স্ক্যান যন্ত্রের সাহায্যে হাসপাতালেই এসব জটিল রোগ নির্ণয় করা সম্ভব হচ্ছে। ওই বিভাগের মেডিকেল টেকনোলজিস্ট আনোয়ার হোসেন জানান, হাসপাতালের বাইরে থেকে সিটি স্ক্যান করাতে যে খরচ হতো, তার অর্ধেক খরচে এখানে সেই পরীক্ষা করানো যায়। হাসপাতালের পরিচালক এ কে এম মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) ও ক্যাজুয়ালিটি বিভাগ চালুকরাসহ সেবার মানোন্নয়নে আরও কিছু উদ্যোগ নেওয়া হয়েছে।