সোহরাওয়ার্দী হাসপাতালে দুদিনের ব্যবধানে দুটি চুরি
দুই দিনের ব্যবধানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে দুটি চুরির ঘটনা ঘটেছে। চোরের দল দুটি স্থান থেকে টাকা, বিভিন্ন মালপত্র ও কম্পিউটার চুরি করে নিয়ে যায়। তবে এসব চুরির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হলেও কোনো মামলা হয়নি।হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার রাতে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নিচতলার ওষুধ গুদামের দায়িত্বে থাকা চিকিৎসকের কক্ষ থেকে একটি কম্পিউটার ও স্যানিটারি ফিটিংস চুরি হয়ে যায়। এ ব্যাপারে হাসপাতালের পক্ষ থেকে শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।এর আগে বৃহস্পতিবার রাতে হাসপাতালের দ্বিতীয় তলায় হিসাব বিভাগের কোষাধ্যক্ষের কক্ষ থেকে টাকা চুরি হয়। চোরের দল ওই কক্ষের স্টিলের আলমারি ভেঙে কাগজপত্র লন্ডভন্ড করে। তারা টাকা রাখার সিন্দুক ভাঙারও চেষ্টা করে।হাসপাতাল সূত্র জানায়, এর আগে হাসপাতালে দুই চিকিৎসকসহ চারজনের কক্ষ থেকে চারটি কম্পিউটার চুরি হয়ে যায়। এসব কম্পিউটার এখনো উদ্ধার হয়নি। এ ছাড়া হাসপাতালের বিভিন্ন তলার সিঁড়ির ওপরে স্থাপন করা পিতলের পাতগুলো কে বা কারা চুরি করে নিয়ে যায়। মালপত্র উদ্ধারের জন্য হাসপাতালের পরিচালকের কাছে আবেদন করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে অনেক কর্মকর্তা অভিযোগ করেন।হাসপাতালের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, রাতের পালায় দায়িত্ব পালনের জন্য তিনজন নৈশকর্মী নিয়োগ দেওয়া হলেও একজন মাত্র দায়িত্ব পালন করেন। চুরির সঙ্গে হাসপাতালের কর্মচারীরা জড়িত বলে ওই কর্মকর্তা দাবি করেন।এ ব্যাপারে জানতে চাইলে হাসপাতালের পরিচালক এ কে এম মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, হাসপাতালের ভেতরে কয়েক দফা চুরি হয়েছে। এসব ঘটনার পর পুলিশকে বলা হয়েছে। এর সঙ্গে জড়িত কারা এবং নৈশকর্মীরা ঠিকমতো দায়িত্ব পালন করে কি না, তা পুলিশকে খতিয়ে দেখতে বলা হয়েছে। পুলিশের প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।