সোহরাওয়ার্দী হাসপাতালের আন্দোলন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের আন্দোলন কর্মসূচি স্থগিত করা হয়েছে। গতকাল রোববার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পরিষদ কর্মসূচি স্থগিত করার ঘোষণা দেয়।কর্মচারী সমন্বয় পরিষদের প্রধান উপদেষ্টা পরিসংখ্যান কর্মকর্তা এস এ এম কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, গতকাল হাসপাতালের পরিচালক এ কে এম মুজিবুর রহমান ও সহকারী পরিচালক উত্তম কুমার বড়ুয়ার সঙ্গে পরিষদের বৈঠক হয়। বৈঠকে কর্তৃপক্ষ চিকিৎসক, কর্মচারী ও শিক্ষার্থীদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারসহ ছয় দফা দাবি পূরণের আশ্বাস দেয়। এতে আন্দোলনের কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।কামরুজ্জামান বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এক মাসের মধ্যে সব দাবি পূরণ না হলে তাঁরা আবার আন্দোলনে যাবেন।গত মঙ্গলবার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রাবাসের পেছনে সন্ত্রাসীরা তাস খেলতে এলে তাদের সঙ্গে কলেজ শাখা ছাত্রলীগের কর্মীদের হাতাহাতি হয়। সেদিনই সন্ধ্যায় ওই সন্ত্রাসীরা দল বেঁধে ছাত্রাবাসে ঢুকে ভাঙচুর করে এবং ১৮ জন ছাত্রকে পিটিয়ে জখম করে। তারা হাসপাতালেও ব্যাপক ভাঙচুর চালায়। অন্যদিকে কলেজ শাখা ছাত্রলীগের একাংশ কলেজ ভবনে ভাঙচুর করে। বুধবার কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ছাত্রাবাস খালি করা হয়।কলেজ ভাঙচুরের ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে আগামী সপ্তাহে প্রতিবেদন জমা দিতে বলেছে কর্তৃপক্ষ।