সোয়া তিন কোটি টাকার বৈদেশিক মুদ্রা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত শনিবার রাতে প্রায় সোয়া তিন কোটি টাকার সমমূল্যের বৈদেশিক মুদ্রাসহ একজন আটক হয়েছেন। আটক মোহাম্মদ নাহিদ নিজেকে ব্যবসায়ী দাবি করেছেন। তাঁর বাড়ি ঢাকার কেরানীগঞ্জে।বিমানবন্দর আর্মড পুলিশের সহকারী সুপার এ বি এম আতিকুর রহমান জানান, শনিবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মালয়েশিয়ার কুয়ালালামপুরগামী একটি উড়োজাহাজ থেকে নাহিদকে আটক করা হয়। বিমানবন্দরের আউটার বে-তে যাত্রীরা উড়োজাহাজে ওঠার পর নাহিদ তাঁর নির্ধারিত আসনে না বসে ইতস্তত ঘোরাফেরা করছিলেন। বিমানের কেবিন ক্রুদের সন্দেহ হলে তাঁরা নিচে দায়িত্বরত আর্মড পুলিশ সদস্য ও কাস্টমস কর্মকর্তাদের বিষয়টি জানান। কাস্টমস কর্মকর্তারা উড়োজাহাজে উঠে নাহিদের আসনের নিচে লাইফ জ্যাকেট রাখার জায়গায় থাকা মিষ্টির প্যাকেটে বৈদেশিক মুদ্রার বেশ কয়েকটি বান্ডেল পান। এরপর নাহিদকে আবার তল্লাশি করা হয়। প্রায় দুই ঘণ্টা তল্লাশি শেষে তাঁকে রেখেই উড়োজাহাজটি ঢাকা ছাড়ে। পরে তাঁকে বিমানবন্দরের কাস্টমস হলে এনে তাঁর লাগেজ তল্লাশি করে বাকি মুদ্রাগুলো পাওয়া যায়। উদ্ধার করা মুদ্রার মধ্যে বিভিন্ন দেশের মুদ্রা রয়েছে।কাস্টমস কর্মকর্তারা জানান, বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশি অতিক্রম করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা নিয়ে নাহিদ কীভাবে উড়োজাহাজে উঠলেন, তা তদন্ত করে দেখা হবে। নাহিদ গত ১৫ মাসে ২০ বার কুয়ালালামপুর গেছেন।আটক নাহিদ সাংবাদিকদের জানান, কুয়ালালামপুরে তাঁর ব্যবসা রয়েছে। এ জন্য তিনি প্রায়ই কুয়ালালামপুর যান। মুদ্রা আটকের ঘটনায় নাহিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।