করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ-বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ-বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: [email protected]

আজ ৯০ দিন হলো বাসা থেকে বের হই না। কেননা করোনার সঙ্গে মানুষের যুদ্ধ চলছে। করোনাযুদ্ধ। ১৬ মার্চের আগে পর্যন্ত কিছুই বুঝিনি। করোনার শুরুর দিকে মুহাইমিনের সঙ্গে ফোনালাপ হয়। তখন থেকে এখন পর্যন্ত আমার মধ্যে তেমন কিছু ঘটেনি। চিন্তার শাখা-প্রশাখা বৃদ্ধি পেয়েছে মাত্র। তবে ইতিমধ্যে বিশ্বে ঘটে গেছে বহু কিছু। প্রতিটি দেশে দোকানপাট, অফিস-আদালত, ব্যবসাপ্রতিষ্ঠান বহুকিছু বন্ধ হয়ে যায়। সবাইকে বাসায় থাকতে বলা হয়। বলা হয়েছিল, কারও নাকি বাইরে বেরোনো চলবে না।
চীনে সংক্রমণ শুরু আবার চীনেই প্রথম মৃত্যু থেমে যায়। কিন্তু ইতালিতে ঝাঁকে ঝাঁকে অদৃশ্য ভাইরাসের আক্রমণে বহু মানুষের হৃদস্পন্দন থেমে যায়। ইতালিসহ ইউরোপে ভাইরাসের শক্তি অনেকটা দুর্বল হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রে এই ভাইরাসে মানুষ সবচেয়ে বেশি কাবু হয়েছে। সবচেয়ে বেশি মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়ছে। পৃথিবীর পরাশক্তি বলা হয় যাকে। সে আজ অসহায়। যখন স্কুল বন্ধ হয়, তখন ছয় হাজার মানুষের হৃদস্পন্দন থেমে যায়। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এই দেশ থেকে প্রায় ১ লাখ ১৭ হাজার মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছে!
পৃথিবীর অলিগলিতে করোনাবিরোধী যুদ্ধ চলছে। মানুষকে হয়তো লড়তে হবে আরও কিছুদিন। এই তো কিছুদিন আগ পর্যন্তও শোনা যাচ্ছিল। যুগ এখন প্রতিযোগিতার, দ্রুততার, ইন্টারনেটের। আমরা সবাই ছুটে চলছি উন্নত বিশ্ব গড়ার তাগিদে। পৃথিবীর মানুষ জয় করছে অন্য গ্রহ। চাঁদ মানুষের নাগালে। সমুদ্রে-আকাশে সবই মানুষের নিয়ন্ত্রণে। হাতের মুঠোয় বিশ্ব। সবকিছুর জন্য ইন্টারনেটে এক ক্লিকই যথেষ্ট! এর সঙ্গে তাল মেলাতে হবে। কারও দিকে কারও ফিরে তাকানোর সময় নেই। কিন্তু পরিস্থিতি এখন ভিন্ন। সবাই এখন ঘরে, বাসায়, বাড়িতে। যেভাবেই বলা যায়, কেউ বাইরে যাবে না। তবু ঠেকানো যাচ্ছে না কোভিড-১৯ নামক করোনাভাইরাসের অদৃশ্য সংক্রমণ। পত্রিকা, টিভি খুললেই কেবল আক্রান্তের বেড়ে যাওয়ার খবর আসছে। উন্নত বিশ্ব, জাতিসংঘ সবাই আহতের মতো হাত-পা ছোড়াছুড়ি করছে। আমাদের দেশের অবস্থা সেখানে আরও খারাপ। আমাদের কিছু গুণ আছে, কোনো জিনিস সামনে এলেই আমরা তা নিয়ে নিজের মতো অনুবাদ করতে ব্যস্ত থাকি। করোনার সঙ্গে ভাবানুবাদ করি অব্যবস্থাপনা, দুর্নীতি, অভাব, অসহায়ত্ব, গুজব, হাহাকার ইত্যাদি। এ আমাদের স্বভাব। এসব আগেও ছিল। করোনা এবার যুক্ত হলো আর কী।
করোনা আমাদের শুধু যে জীবন নিয়ে নিচ্ছে তা নয়, এর ফলে ভেতরে ভেতরে আমাদের যে কী পরিমাণে ক্ষতি হয়ে যাচ্ছে, তা মাথা দিয়ে অনুভব করা যাবে, বোঝানো যাবে না। যাঁরা অপ্রাতিষ্ঠানিক কাজ করেন, তাঁরা এখন বাড়িতে বসে আছেন বেকার; তাঁদের অবস্থা অনুভব করার সামর্থ্য আমাদের নেই। আমি এখনো পরিবারসহ সুস্থ অবস্থায় ঘরে বসে দেখে যাচ্ছি পৃথিবীর মধ্যে ঘটে চলা অগ্নিপ্রদাহ। বুঝতে পারছি না বাইরে আসলে কী ঘটে যাচ্ছে? শীতের ছুটি বা রমজানের আগে থেকেই রমজানের ছুটির মতো বাসায় বসে বসে কাটাচ্ছি। মাসের বাজার হচ্ছে। তিনবেলা খাচ্ছি। সতর্ক থাকার চেষ্টা করছি।
স্কুল না থাকায় ভালো এবং খারাপ দুটিই লাগছে। ভালো লাগা যেন একটু বেশি; কারণ স্কুলের পরিবেশ কোনো দিনই ভালো লাগাতে পারিনি। ক্লাস হচ্ছে টিভিতে। আমাদের স্কুলেরই অনেক শিক্ষক ক্লাস নিচ্ছেন। ইন্টারনেট ও ফেসবুকের মাধ্যমে তাঁরা আমাদের সহায়তা করছেন। অনেক ক্ষেত্রে প্রশ্ন দেওয়া হচ্ছে বেশি, উত্তর নেই। বাড়ির কাজ ইত্যাদি। এটা অবশ্য বড় সমস্যা নয়। সমস্যা হচ্ছে, এভাবে একটানা বাসায় থাকতে বড় নিঃসঙ্গ অনুভূত হয়। এটাও ব্যাপার না। এ সময়ে অনেক না-পড়া বইয়ের দিকে তাকানো হচ্ছে। পড়ার ইচ্ছে জাগছে। ইংরেজিসহ অন্যান্য ভাষা জানার ইচ্ছে জাগছে। নতুন বিষয় জানছি। দেখছি। গান শুনছি। চর্চা করছি। যোগব্যায়াম করার চেষ্টা করছি। পুশআপ অর্ধেক দিতে পারি। পুরোটা নয়। পাঁচ শ বার ওঠ–বস করছি।
‘ওয়ান্ডারফুল লাইফ’, ‘টুয়েলভ অ্যাংগ্রি মেন’ দেখলাম। ‘নক্ষত্রের রাত’, ‘আজ রবিবার’ দেখলাম। ‘নক্ষত্রের রাত’ তো আমাকে একেবারে ভাসিয়ে নিয়ে গেছে। বিভিন্ন বিষয় নিয়ে মাথায় চিন্তা ঘুরপাক খাচ্ছে। নদী, সমুদ্র, পাহাড়। শিল্প, চিত্রকলা, স্থাপত্য, কারুকলা—এ রকম নানা বিষয় মাথায় ঘুরছে। মনে হচ্ছে, সব আলস্য দূর করে দ্রুতগতিতে ছুটতে হবে। উদ্যম নিয়ে সব রুটিন শেষ করতে হবে। মনে হয়, সুদিন আসবেই!
*শিক্ষার্থী নবম শ্রেণি, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, মোহাম্মদপুর, ঢাকা