স্কুলছাত্র খুনের ঘটনায় মামলা
কদমতলীতে এক স্কুলছাত্রকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গতকাল বুধবার রাতে নিহত মো. স্বাধীনের মা রিনা বেগম বাদী হয়ে মামলাটি করেন।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি বলেন, মামলায় আসামি হিসেবে কারও নাম উল্লেখ করা হয়নি। তার বন্ধুরাই খুন করতে পারে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ছাড়া হত্যাকাণ্ডের আলামত হিসেবে একজোড়া জুতা উদ্ধার করা হয়েছে।
রিনা বেগমের ধারণা, হত্যাকাণ্ডের পর খুনিদের কেউ একজন জুতা জোড়া ফেলে চলে গেছে। থানায় জানানোর পর রাতে (গতকাল রাত) পুলিশ এসে জুতা জোড়া নিয়ে যায়।
গত সোমবার সকালে কদমতলীর দক্ষিণ দনিয়ার বর্ণমালা সড়কের ৭৯৮/২ নম্বর বাসার নিচতলায় স্বাধীনকে হত্যা করা হয়। স্বাধীন স্থানীয় মুরাদপুর সমীরণ নেসা উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল।
স্বাধীনের বাবা সোহেল রানা ও মায়ের সন্দেহ, একটি মেয়েকে কেন্দ্র করে স্বাধীনের বন্ধুরাই তাকে খুন করেছে। তাঁদের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার ও মঙ্গলবার এক নারীসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার আটক শুধু নারীকে ছেড়ে দেওয়া হয়।