স্কুলছাত্রী তাসনিমের খুনিদের শনাক্ত করা যায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলছাত্রী তাসনিম রহমানের খুনিদের গতকাল বুধবার পর্যন্ত শনাক্ত করা যায়নি। পুলিশ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে। পুলিশ ও পরিবারের ধারণা, হত্যাকাণ্ডটি পরিকল্পিত।হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে কাউকেই এখনো গ্রেপ্তার করা যায়নি।পুলিশ সূত্র জানিয়েছে, নিহত তাসনিমের পরিবার থেকে কিছু সূত্র দেওয়া হয়েছে। পুলিশ সেগুলো খতিয়ে দেখছে। এর মধ্যে তাসনিমের আগের গৃহশিক্ষিকার বন্ধু, তাঁদের ভবনের এক তরুণ এবং আশপাশের আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে ব্যক্তিগত সম্পর্ক, ডাকাতি, মা-বাবার পেশাগত শত্রুতা—এসব বিবেচনা করছে পুলিশ।গত সোমবার সন্ধ্যায় হাজারীবাগের ভাগলপুর লেনের ভাড়া ফ্ল্যাট থেকে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্কুল ও কলেজের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী তাসনিম রহমানের গলা কাটা লাশ উদ্ধার করা হয়।