স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ
রাজধানীতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে পুরান ঢাকার ইসলামবাগের একটি বাসায় এ ঘটনা ঘটে।
ধর্ষণের শিকার ১৪ বছর বয়সী ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
চকবাজার থানার উপপরিদর্শক আজিজুর রহমান বলেন, ঘটনার শিকার মেয়েটি মিরপুরের একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত যুবক মতিঝিলের একটি ইনস্যুরেন্স কোম্পানিতে পিয়নের চাকরি করেন। ইসলামবাগের বাসাটি তাঁর এক আত্মীয়ের। আটক ব্যক্তি দাবি করেছেন, স্কুলছাত্রীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক রয়েছে।
কিশোরীর দেওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে চকবাজার থানা-পুলিশ বলছে, ওই যুবকের সঙ্গে কয়েক মাস ধরে স্কুলছাত্রীর মুঠোফোনে যোগাযোগ হয়। গতকাল শনিবার সকালে লালবাগ কেল্লায় ঘুরতে যাওয়ার কথা বলে তাকে ওই ব্যক্তি ডেকে আনেন। এরপর তিনি একটি বাসায় নিয়ে তাকে ধর্ষণ করেন। এরপর অসুস্থ হয়ে পড়লে তিনি নিজেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই সন্দেহ হলে পুলিশ তাঁকে আটক করে।
চকবাজার থানার ওসি শামীম অর রশীদ তালুকদার বলেন, অভিযুক্ত ব্যক্তি আটক রয়েছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।