স্কুলছাত্রীর লাশ উদ্ধার, ভিডিও ছড়ানোর অভিযোগ
রাজধানীর বাসাবো এলাকায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে বাসাবোর একটি বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) রবীন্দ্র নাথ সরকার। নিহত শিক্ষার্থীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
রবীন্দ্র নাথ সরকার প্রথম আলোকে বলেন, নিহত ওই শিক্ষার্থীর বাবা পরিবারের অন্য সদস্যদের নিয়ে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় থাকেন। নিহত শিক্ষার্থী বাসাবোতে তার নানির বাসায় থেকে লেখাপড়া করত। কী কারণে মেয়েটি আত্মহত্যা করেছে, সেটি জানতে তদন্ত চলছে।
নিহত শিক্ষার্থীর ফুপা প্রথম আলোকে বলেন, বাসাবোয় এক কিশোর ওই শিক্ষার্থীকে প্রেমের ফাঁদে ফেলে আপত্তিকর ভিডিও করে। পরে ওই ভিডিও প্রচারের ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে সে মেয়েটিকে ‘ব্ল্যাকমেল’ করে আসছিল। সে মেয়েটির কাছ থেকে অনেক টাকাও আদায় করেছে। সম্প্রতি আরও টাকা দাবি করায় মেয়েটি তা দিতে না পারায় ভিডিওটি এলাকায় ছড়িয়ে দেয়। বিষয়টি মেয়েটির বাবা-মা জানতে পেরে তাকে বকাঝকা করে। রোববার রাতে সে তার নানির বাসায় গলায় ফাঁস দেয়। পরে দরজা ভেঙে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ সময় নিহত শিক্ষার্থীকে আত্মহত্যায় প্ররোচনার জন্য ওই কিশোরকে গ্রেপ্তার করার দাবি জানান তিনি।
এ বিষয়ে পুলিশ কর্মকর্তা রবীন্দ্র নাথ সরকার বলেন, নিহতের পরিবার অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।