স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কদমতলীতে মো. স্বাধীন নামে এক স্কুলছাত্রকে বঁটি দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে দক্ষিণ দনিয়ার বর্ণমালা স্কুল রোডের একটি বাসায় এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত রক্তাক্ত বঁটিটি উদ্ধার করেছে পুলিশ। স্বাধীন মুরাদপুর সমীরণ নেসা উচ্চবিদ্যালয় থেকে এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, স্বাধীন তার মায়ের সঙ্গে সাত মাস ধরে দক্ষিণ দনিয়ার বর্ণমালা স্কুল রোডের ৭৯৮/২ নম্বর বাড়ির নিচতলায় ভাড়া থাকে। স্বাধীনের বাবা মো. সোহেল গুলিস্তানের একটি সিএনজি স্ট্যান্ডে কাজ করেন। তিনি মাঝেমধ্যে বাসায় আসতেন। রোববার রাতে তার নানি নাজমা বেগম ওই বাসায় ছিলেন। নাজমা বেগম বলেন, গতকাল সকাল নয়টায় স্বাধীন ও তার মা রীনা বেগমকে বাসায় রেখে তিনি পাটেরবাগে ছেলের বাসায় যান। পরে ওই বাসায় তিনি হত্যাকাণ্ডের খবর পেয়েছেন। রীনা বেগম বলেন, সকাল ১০টার দিকে তিনি বাসা থেকে বের হয়ে ভাইয়ের বাসায় যান। স্বাধীন একাই বাসায় ছিল। বেলা সাড়ে ১১টার দিকে তিনি পুলিশের মাধ্যমে ছেলে হত্যার খবর পান। তিনি বলেন, আমার কোনো শত্রু নেই। আমার ছেলেরও কোনো শত্রু ছিল বলে আমার জানা নেই।
কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, স্বাধীনকে হত্যার সময় বাসায় কেউ ছিল না। লাশ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন কী কারণে, কারা হত্যা করেছে তা জানা যায়নি। গতকাল রাত আটটা পর্যন্ত এ ব্যাপারে কোনো মামলা হয়নি।