স্কুলবাস-সেবা সবার জন্য লাভজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর স্কুলবাস এখন আর অভিভাবক ও শিক্ষার্থীদের খোঁজে না। চিত্রটি উল্টে গেছে। শিক্ষার্থী ও অভিভাবকেরাই এখন স্কুলবাস খোঁজেন। ফলে স্কুলবাস-সেবা এখন লাভজনক হয়ে উঠেছে। তবে অভিভাবকদের কিছু সমস্যাও মোকাবিলা করতে হচ্ছে। বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) তত্ত্বাবধানে পল্লবী থেকে টেকনিক্যাল হয়ে আজিমপুর পর্যন্ত চলছে ১৪টি স্কুলবাস। বিআরটিসির সংশ্লিষ্ট সূত্র জানায়, দরকার হলে এবং ব্যবহারকারীদের আরও সাড়া পাওয়া গেলে বাসের সংখ্যা বাড়ানো হবে। নগরের অন্যান্য রাস্তায়ও চালু করা হবে স্কুলবাস।বিআরটিসির উপমহাব্যবস্থাপক (পরিচালন) মেজর কাজী সফিক উদ্দিন প্রথম আলোকে বলেন, একেকটি স্কুলবাসের জন্য প্রতিদিন খরচ হয় তিন হাজার টাকা। প্রথম দিকে প্রতি বাস থেকে আয় হতো ১৫০ থেকে ২০০ টাকা। বর্তমানে যাত্রী বাড়ায় প্রতি বাস থেকে প্রায় ৮০০ টাকার মতো পাওয়া যাচ্ছে। অভিভাবক রায়হানা পারভীন মিরপুর ১১ নম্বর থেকে স্কুলবাসে ওঠেন। তাঁর এক ছেলে পড়ছে সেন্ট জোসেফ স্কুলে, অন্য ছেলে ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুলে। দুই ছেলের জন্য পাঁচ টাকা করে এবং রায়হানা পারভীনকে আট টাকা ভাড়া দিতে হচ্ছে। সে হিসাবে দুই ছেলেসহ তাঁর আসতে ১৮ টাকা এবং বাসায় ফিরতে ১৮ টাকা লাগছে।রায়হানা পারভীন প্রথম আলোকে বলেন, ‘বিআরটিসির বাসের জন্য স্কুলে যাতায়াতের খরচ অনেক কমে গেছে। আগে একেক ছেলের জন্যই ১০ টাকা করে ভাড়া দিতে হতো। এখন ভাড়া কম লাগার পাশাপাশি স্কুলবাসের মধ্যেকার ভদ্র পরিবেশ পাচ্ছি বাড়তি পাওনা হিসেবে।’ তবে কিছু সমস্যার কথা উল্লেখ করে পারভীন বলেন, ‘সকাল সাড়ে ছয়টার বাসে প্রচণ্ড ভিড় হয়। বাসস্ট্যান্ডের কাছে হয়তো রিকশা থেকে নামছি, চালক তা দেখেও পরের বাসে আসেন বলে বাস ছেড়ে দেন। ফলে পরের বাসটি ঠিক সময়ে না এলে স্কুলে পৌঁছাতে দেরি হয়ে যায়।’আরও কয়েকজন অভিভাবক বলেন, বেশির ভাগ বাস সময় মেনে চলছে না। একইভাবে ভাড়ার হারও মানা হয় না। অনেক সময় যার কাছ থেকে যা মনে হয় সেই ভাড়া নেন চালকের সহকারীরা। বাসের ভেতরে যে নারীকর্মী বা আয়ারা থাকেন, তাঁদের দায়িত্ব পালন নিয়েও অভিভাবকেরা সন্তুষ্ট নন।কল্যাণপুর থেকে আসাদগেটে সেন্ট জোসেফ স্কুলে তৃতীয় শ্রেণীতে পড়ুয়া ছেলেকে আনা-নেওয়া করেন সেলিনা বেগম। তিনি বলেন, ‘স্কুলবাস আমাদের জন্য নিঃসন্দেহে ভালো উদ্যোগ। কিন্তু সপ্তাহে এক-দুই দিন বাস পাই, অন্য দিনগুলোতে বাস ধরতে পারি না। বেলা দুইটায় স্কুল ছুটির পর প্রায় দিনই বাস পাই না। এ ছাড়া বাচ্চারা যখন বাসে ওঠে, তখন বেশির ভাগ চালকই বাসটি পুরোপুরি থামান না। ফলে অনেকেরই উঠতে সমস্যা হয়, যা এই বাসে কখনোই হওয়ার কথা নয়।’ বিআরটিসির স্কুলবাস-সেবা উদ্বোধন করা হয় গত ১৫ জানুয়ারি। তার পরদিন থেকে নগরে চলছে এই বাসগুলো। তবে অভিভাবক ও শিক্ষার্থীদের কাছ থেকে যতটা সাড়া পাওয়া যাবে বলে ধারণা করা হয়েছিল তা পাওয়া যাচ্ছে না বলে বিআরটিসির কর্মকর্তারা জানিয়েছেন।সফিক উদ্দিন বলেন, বাস চালু হলেও যানজট কমানোর মূল উদ্দেশ্য সেভাবে পূরণ করা সম্ভব হচ্ছে না। কেননা, আগে স্কুলপড়ুয়া সন্তান নিয়ে যাঁরা অন্য বাসে যাতায়াত করতেন, সেই অভিভাবকেরাই বর্তমানে স্কুলবাসে উঠছেন। ফলে রাস্তায় ব্যক্তিগত গাড়িতে করে স্কুলে যাতায়াতের চিত্র একই আছে। এ ক্ষেত্রে অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষকে আরও সচেতন হতে হবে। স্কুলবাস থামছে নগরের ৩৩টি স্থানে। শিশুদের আকৃষ্ট করার জন্য সব বাসে এলসিডি মনিটরে শিশুদের প্রিয় টম অ্যান্ড জেরি কার্টুনসহ বিভিন্ন অনুষ্ঠান দেখানোর কথা ছিল। তবে তা সব বাসে কার্যকর হয়নি। যানজটে পড়লে অ্যাম্বুলেন্স সার্ভিসের মতো স্কুলবাসগুলোকে একটু আগে যেতে দেওয়ার যে ঘোষণা ছিল, তাও এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি।