স্ক্রু ড্রাইভার দিয়ে খুঁচিয়ে ও পিটিয়ে যুবক হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দক্ষিণখানে জাকির হোসেন (৩০) নামের এক যুবককে স্ক্রু ড্রাইভার দিয়ে খুঁচিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। পল্লবীতে আটকেপড়া পাকিস্তানিদের ক্যাম্পে শওকত হোসেন (৬০) নামের এক অবাঙালি বৃদ্ধকে কুপিয়ে খুন করেছে সন্ত্রাসীরা। এ দুটি হত্যাকাণ্ড ঘটে গত মঙ্গলবার রাতে।দক্ষিণখান থানার পুলিশ গতকাল বুধবার সকালে দক্ষিণখানের পূর্ব মোল্লারটেকে রাস্তার পাশ থেকে জাকিরের লাশ উদ্ধার করে। তাঁর বাসা কসাইবাড়ী এলাকায়।জাকিরের মামাতো ভাই বিল্লাল হোসেন জানান, জসিম নামের একজনের কাছে পাওনা ৫০ হাজার টাকা আনতে গিয়ে জসিমের সঙ্গে তাঁর ঝগড়া হয়। পরে ওই রাতেই টাকা দেওয়ার কথা বলে জসিম তাঁকে ডেকে নিয়ে যান। গতকাল জাকিরের ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়।দক্ষিণখান থানার অপারেশন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জাহেদ আলী জানান, জাকিরকে স্ক্রু ড্রাইভার দিয়ে আঘাত করে, খুঁচিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। জাকিরের স্ত্রী নুরুন্নাহার বাদী হয়ে সাতজনকে আসামি করে মামলা করেছেন। জসিমসহ মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।পল্লবীতে বৃদ্ধ খুন: পল্লবীতে নিহত শওকতের স্বজনেরা জানান, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ক্যাম্পে বিদ্যুৎ না থাকায় শওকতসহ কয়েকজন ১২ নম্বর সড়কের ৪ নম্বর ওয়াপদা ভবনের নিচে আড্ডা দিচ্ছিলেন। কিছুক্ষণ পর সবাই যে যার ঘরে চলে যান। শওকতও নিচতলায় তাঁর ঘরে যান। গতকাল সকাল আটটার দিকে ওই ঘর থেকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর মাথাসহ শরীরে ধারালো অস্ত্রের জখম ছিল। সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।