আর্জেন্টিনা-নাইজেরিয়ার প্রীতি ম্যাচ উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামসহ আশপাশের কিছু এলাকায় যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল রোববার ঢাকা মহানগর কমিশনার (ডিএমপি) বেনজীর আহমেদ এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। আগামীকাল এ খেলা হবে।বেনজীর আহমেদ বলেন, খেলার সময় জাতীয় স্টেডিয়াম এলাকায় পাস বা টিকিট ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। স্টেডিয়াম এলাকায় যানবাহন পার্কিং নিষিদ্ধ করা হয়েছে। অনুমোদিত গাড়ি ছাড়া অন্য গাড়ি স্টেডিয়াম এলাকায় প্রবেশ করতে পারবে না। খেলার সময় স্টেডিয়ামের প্রবেশপথ বেলা তিনটায় খোলা হবে আর সন্ধ্যা ছয়টায় বন্ধ করে দেওয়া হবে। এরপর আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। কোনো দর্শক একবার স্টেডিয়াম থেকে বের হলে আর প্রবেশ করতে পারবে না। কমিশনার বলেন, নিরাপত্তার স্বার্থে কোনো দর্শককে খেলোয়াড়দের অটোগ্রাফ নিতে দেওয়া হবে না। দর্শকেরা মুঠোফোন ছাড়া অন্য কোনো ইলেকট্রনিক পণ্য (ডিভাইস) নিয়ে স্টেডিয়ামে ঢুকতে পারবে না। খেলা দেখার সুবিধার্থে মহানগর পুলিশ নগরের বিভিন্ন স্থানে বড় পর্দার ব্যবস্থা করা হবে বলেও কমিশনার জানান। তিনি বলেন, স্টেডিয়াম এলাকার ভিক্ষুক, হকার ও ফুল বিক্রেতা ঢুকতে পারবে না। বসে থাকা অবস্থায় কেউ কাগজ বা অন্য কিছু পোড়াতে পারবেন না। তিনি পাস বা টিকিট নেই, এমন লোকদের স্টেডিয়াম এলাকায় ঘোরাফেরা না করার জন্য অনুরোধ জানিয়েছেন। ডিএমপি কমিশনার বলেন, থাকার জায়গায় চলাচলের সময় খেলোয়াড়েরা যেন বিড়ম্বনায় না পড়েন, সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে।