স্টেডিয়ামের চারপাশে খোঁড়াখুঁড়ি, ময়লার স্তূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেট-২০১১ সামনে রেখে শুরু হওয়া রাজধানীর সড়ক সংস্কার ও পরিচ্ছন্নতার কাজ চলছে ঢিমেতালে। চূড়ান্ত সমন্বয়হীনতা ও অব্যবস্থাপনার কারণে নগরের গুরুত্বপূর্ণ সড়কের পরিচ্ছন্নতা দূরে থাক, খোদ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামই ময়লা-আবর্জনায় ভরে আছে। স্টেডিয়াম-সংলগ্ন প্রধান সড়ক ও স্টেডিয়াম ঘিরে ঘূর্ণায়মান সড়কটিতেও বড় বড় গর্ত রয়েছে।সরেজমিনে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দেখা গেছে, গ্যাস, বিদ্যুৎ ও টেলিফোনের সংযোগ এবং ওয়াসার পয়োনিষ্কাশনের জন্য স্টর্ম স্যুয়ারেজ লাইনের সংস্কারের লক্ষ্যে যেসব সড়ক খোঁড়াখুঁড়ি করা হয়েছিল, সেগুলোও সংস্কারবিহীন পড়ে আছে।খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্বকাপের বর্ণাঢ্য আয়োজন নিশ্চিত করতে নগরের অনেক সড়ক সংস্কার, পরিচ্ছন্ন ও বর্ণিল সাজে সজ্জিত করতে ৫৬ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এসব কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য কয়েকটি পৃথক কমিটিও গঠন করা হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক এসব কমিটির একাধিক সদস্য সংশয় প্রকাশ করে প্রথম আলোকে বলেন, কমিটিগুলোর কাজের মধ্যে সুষ্ঠু সমন্বয় না থাকায় বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি অত্যন্ত ধীরগতিতে চলছে, যা বিপাকে ফেলতে পারে।দরপত্র করে বাতিল: সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, নগরের পরিচ্ছন্নতা ও গুরুত্বপূর্ণ সড়কসহ অলিগলির সড়কগুলোও সংস্কার করে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। বিশ্বকাপ ক্রিকেট সামনে রেখে ডিসিসি গত ২৫ নভেম্বর স্টেডিয়াম-সংলগ্ন নগরের চারটি সড়কের ফুটপাত ও সড়ক সংস্কারের জন্য দরপত্র আহ্বান করে।এর মধ্যে রয়েছে নগরের ইনার সার্কুলার রোডের নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত সড়কের ফুটপাত, নর্দমা ও ডিআইটি বর্ধিত সড়ক; ফকিরাপুল মোড় থেকে দৈনিক বাংলা মোড় হয়ে বঙ্গভবন পর্যন্ত ফুটপাত ও নর্দমা সংস্কার; কমরেড মণিসিংহ সড়ক তোপখানা রোড থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত ফুটপাত ও নর্দমা সংস্কার এবং গুলিস্তান কামান রোড বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু এভিনিউ হয়ে স্টেডিয়াম পর্যন্ত ফুটপাত ও নর্দমা সংস্কারের কাজ।দীর্ঘ প্রায় দেড় মাস পর গত বৃহস্পতিবার এই সড়কগুলো ঘুরে সংস্কার দূরে থাক, ময়লা-আবর্জনা ও দুই পাশের সড়ক খোঁড়াখুঁড়ি ও খানাখন্দে ভরে থাকতে দেখা যায়। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত দীর্ঘ যানজট লেগে থাকছে। সবচেয়ে করুণ দশা স্টেডিয়ামের চারপাশের।স্টেডিয়াম মার্কেটের সামনে ড্রেনের সব ময়লা স্তূপ করে রাখা হয়েছে। স্টেডিয়াম মার্কেটের একটি ইলেকট্রনিক্স দোকানের মালিক রহমান আরেফিন বলেন, ‘শুনছি, এইখানে খেলার অনুষ্ঠান হবে ১৬ ফেব্রুয়ারি। এ জন্য খোঁড়াখুঁড়ি কইরা তিন মাস ধইরা এই ময়লা উঠাইছে। অখন এই ময়লার পাহাড় কেমনে এক মাসে সরাইব, মাথায় আসে না।’এ ব্যাপারে জানতে চাইলে ডিসিসির অঞ্চল-৪-এর নির্বাহী প্রকৌশলী বোরহান উদ্দিন বলেন, বিশ্বকাপ সামনে রেখে এই সংস্কারকাজের দরপত্র আহ্বান করা হয়েছিল। কিন্তু অল্প সময়ে ডিসিসি এটি সম্পন্ন করতে পারবে না বলে দরপত্র বাতিল করা হয়েছে। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এই নির্দেশনা এসেছে। এখন কাজটি অন্য সংস্থা বাস্তবায়ন করছে।অন্যদিকে নগরের প্রেসক্লাব থেকে শাহবাগ পর্যন্ত সড়কটি খোঁড়া হয়েছে। দুই মাস ধরে এই খোঁড়া সড়ক আর সংস্কার হয়নি। দেখা গেছে, এমন অবস্থা রাজধানীজুড়ে বিভিন্ন এলাকায় বিরাজ করছে।এ ব্যাপারে ডিসিসির প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ক্যাপ্টেন বিপন কুমার সাহা প্রথম আলোকে বলেন, ডিসিসির নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চলছে। তবে বিশেষ অভিযান বা ক্রিকেট বিশ্বকাপের জন্য নগরে সাজসজ্জার ক্ষেত্রে কোনো বরাদ্দ নেই।ডিসিসির প্রস্তুতি: সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ডিসিসি ১০টি আঞ্চলিক কার্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তাদের সৌন্দর্য বর্ধন ও সড়ক পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিয়েছে। ঢাকায় ২৮টি গুরুত্বপূর্ণ স্থানে বিলবোর্ড স্থাপন করা হচ্ছে এবং বিমানবন্দর রেলস্টেশনে এই বিলবোর্ড স্থাপন এরই মধ্যে শুরু হয়েছে।বঞ্চিত ব্যক্তিদের জন্য সীমিত ব্যবস্থা: ঘরের মাঠে বিশ্বকাপ খেলা স্টেডিয়ামে গিয়ে দেখার সুযোগ পাবে না উল্লেখযোগ্য সংখ্যক দর্শক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে নগরের মাত্র পাঁচটি স্থানে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হবে।এ ব্যাপারে স্থানীয় আয়োজক কমিটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ-২০১১-এর আহ্বায়ক দেওয়ান শামসুল আরেফিন প্রথম আলোকে বলেন, একটু অগোছালো আছে, তবে ঠিক হয়ে যাবে।