স্তন ক্যানসার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্তন ক্যানসার একটি ভয়াবহ ব্যাধি। প্রতিবছর বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও বহু নারী স্তন ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। অথচ সচেতন হলে ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করলে প্রাথমিক পর্যায়ে এই রোগ নির্ণয় করা যায়। আর প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা হলে এ রোগ নিরাময়ের সম্ভাবনাও প্রায় শতভাগ। গতকাল শনিবার মানিক মিয়া এভিনিউতে ইয়াং উইমেন খ্রিস্টিয়ান অ্যাসোসিয়েশন (ওয়াইডব্লিউসিএ) আয়োজিত স্তন ক্যানসার বিষয়ে সচেতনতামূলক শোভাযাত্রায় বক্তারা এসব কথা বলেন। শোভাযাত্রার উদ্বোধন করে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেন, সুষম খাবার, নিয়মিত কায়িক শ্রম এবং নিজেকে নিজে পরীক্ষা করার মধ্য দিয়ে নারী খুব সহজেই ক্যানসারমুক্ত জীবনযাপন করতে পারে। তাই নারীদের সচেতনতার কোনো বিকল্প নেই।শোভাযাত্রায় স্তন ক্যানসার সচেতনতার প্রতীক গোলাপি ফিতার ব্যাজ ধারণ করে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, ওয়াইডব্লিউসিএর সভানেত্রী ডা. নেলী সাহাসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা অংশ নেন।জাতীয় সংসদ ভবনের সামনে থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি এলজিইডি ভবনে গিয়ে শেষ হয়। ‘স্তন ক্যানসারকে রুখে দাঁড়াই, জীবনের জয়গান গাই’ এ প্রতিপাদ্য নিয়ে শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়।শোভাযাত্রার পরে এলজিইডি মিলনায়তনে অনুুুষ্ঠিত আলোচনা সভায় ক্যানসার বিশেষজ্ঞ অধ্যাপক এ বি এম এফ করিম ও অন্যান্য আলোচকেরা স্তন ক্যানসার সম্পর্কে সব নারীর সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। বিজ্ঞপ্তি।