স্তন ক্যানসারে মনোবল না হারানোর আহ্বান
‘স্তন ক্যানসার হয়েছে তো কী হয়েছে? মনোবল হারানোর কিছু নেই। ভাবতে হবে, আমার জীবনে যা হয়েছে, আর কেউ যেন এ রোগে না পড়ে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’ স্তন ক্যানসার মোকাবিলা করে ভালো থাকার লড়াইয়ে জয়ী হওয়া নাহিদ জাহান বললেন এ কথা।২০০৩ সাল থেকে এই রোগের সঙ্গে লড়াই করে যাওয়া তাহমিনা গাফফার বলেন, ‘আমি শেষ হয়ে যাইনি। ক্যানসার হওয়ার পরও এত দিন ভালো আছি।’নগরের স্কয়ার হাসপাতালের অ্যাসট্রাস ভবনের মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার স্তন ক্যানসারের শুভেচ্ছাদূত হিসেবে এই রোগীরা একে অন্যকে সাহস জোগান। স্তন ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে স্কয়ার হাসপাতালের অনকোলজি অ্যান্ড রেডিওথেরাপি সেন্টার এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে স্তন ক্যানসারে আক্রান্ত ৭০ জন রোগী ও তাঁদের পরিবারের সদস্য, হাসপাতালের চিকিৎসক, নার্সসহ প্রায় ৩৫০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানালেন, প্রাথমিক পর্যায়ে স্তন ক্যানসার শনাক্ত করা সম্ভব হলে রোগীর ভালো হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ। তবে শনাক্তকরণ যত দেরি হবে, ভালো হওয়ার সম্ভাবনা তত কমতে থাকবে।স্কয়ার হাসপাতালের ক্যানসার বিশেষজ্ঞ কামরুজ্জামান চৌধুরী বলেন, ‘১৫ কোটি মানুষের এ দেশে ক্যানসার চিকিৎসা এখনো অপ্রতুল। ক্যানসার চিকিৎসায় ৩০০ কেন্দ্র থাকা প্রয়োজন। কিন্তু সরকারি ১১টি এবং বেসরকারি পর্যায়ে মাত্র তিনটি হাসপাতাল ক্যানসার চিকিৎসায় সহায়তা দিচ্ছে। এ চিকিৎসা দীর্ঘমেয়াদি এবং ব্যয়বহুল। তাই ক্যানসার প্রতিরোধ করতে হবে। তা সম্ভব না হলেও প্রাথমিক পর্যায়ে যাতে এটি ধরা পড়ে, সবাইকে সে ধরনের উদ্যোগ নিতে হবে। আর এ ক্ষেত্রে সচেতনতার কোনো বিকল্প নেই।’অনুষ্ঠানে অপরাজিতা সোসাইটি এগেইনস্ট ক্যানসারের চেয়ারপারসন নিলুফার তাসনিম, স্কয়ার হাসপাতালের পরিচালক কে এম সাইফুল ইসলাম, হাসপাতালের (মেডিকেল সার্ভিসেস) পরিচালক সানোয়ার হোসেন, উপপরিচালক (মেডিকেল সার্ভিসেস) মির্জা নাজিম উদ্দিন, ক্যানসার-বিশেষজ্ঞ সেলিম রেজা, চিকিৎসক লতিফা সুলতানা প্রমুখ আলোচনায় অংশ নেন।