স্তম্ভ তৈরির জন্য করা পানিভর্তি গর্তে পড়ে কিশোরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বাড়ির স্তম্ভের জন্য খোঁড়া পানিভর্তি গর্তে পড়ে গালিব হোসেন অভি (১৭) নামে এক কিশোর মারা গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর বংশাল থানার হাজী ওসমান গণি রোডের আলুবাজারে এ ঘটনা ঘটে। তবে সে কীভাবে গর্তে পড়েছে, সে বিষয়ে তার পরিবার ও পুলিশ নিশ্চিত করে কিছু বলতে পারেনি।জানা যায়, গালিবদের বাড়ি আলুবাজারের ডাক্তার গলিতে। ওই বাড়ির অর্ধেক অংশে পাঁচতলা বাড়ি করার জন্য নির্মাণকাজ চলছে। সকাল নয়টার দিকে একজন নির্মাণশ্রমিক গালিবের ফুফাতো ভাই ইমরাজ হোসেনকে জানান, স্তম্ভ তৈরির জন্য খোঁড়া গর্তে (প্রায় আট ফুট গভীর) পানির ওপর গালিবের মাথাসহ কাঁধ ভেসে আছে। এ খবর পেয়ে তিনিসহ অন্য স্বজনেরা সেখানে গিয়ে গালিবকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।জানা যায়, ওই বাড়িতে গালিবদের পরিবার এবং তার দুই ফুফু ও এক চাচা সপরিবারে থাকতেন।