স্ত্রী পেটানো সেই পুলিশ কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তায় স্ত্রীকে পেটানো পুলিশের কনস্টেবল রুহুল আমিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল সোমবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা তাঁর স্ত্রীর মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ তাঁকে আদালতে সোপর্দ করলে আদালত এই নির্দেশ দেন।

গত শনিবার বিকেল পাঁচটার দিকে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের বিপরীত পাশে রুহুল আমিন তাঁর স্ত্রীকে মারধর করে ফুটপাত দিয়ে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছিলেন। কয়েকজন পথচারী রুহুলকে থামান এবং কলাবাগান থানায় সোপর্দ করেন। রুহুল আমিন ট্যুরিস্ট পুলিশে যোগ দেওয়ার জন্য ছুটিতে ছিলেন। স্বামী-স্ত্রী দুজনের বাড়িই নরসিংদীর বেলাব উপজেলায়।

মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার  এসআইএনামুল হক বলেন, রোববার রুহুলকে একমাত্র আসামি করে মামলা করেছেন তাঁর স্ত্রী। যৌতুকের দাবিতে রুহুল তাঁকে মারধর করতেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) সমীর চন্দ্র সূত্রধর বলেন, রুহুলকে গতকাল আদালতে হাজির করা হয়। তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। নির্যাতিত গৃহবধূকে থানা থেকে গতকালই বাড়িতে নিয়ে গেছে তাঁর পরিবার।

স্ত্রী নির্যাতনের একটি ভিডিও এবং কিছু স্থিরচিত্র শনিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, রুহুল আমিন তাঁর স্ত্রীকে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন। আর স্ত্রী চিৎকার করছেন। পথচারীরা তাঁকে থামালে স্ত্রী তাঁর পায়ে আঘাতের চিহ্ন দেখাতে থাকেন এবং তাঁকে বাঁচানোর আকুতি জানান।