স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে আনিসুর রহমানকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত মঙ্গলবার গভীর রাতে পুরান ঢাকার নবাবপুর রোডের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। ডিবির অতিরিক্ত উপকমিশনার মোল্লা নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারের পর আনিসুর স্বীকার করেছেন, তাঁর আচরণে অতিষ্ঠ হয়ে স্ত্রী সারজিনা তাঁদের ১৪ মাসের মেয়েকে গলা কেটে হত্যার পর নিজে আত্মহত্যা করেন। জিজ্ঞাসাবাদে আনিসুর ডিবির কর্মকর্তাদের বলেছেন, ঘটনার আগের দিন সারজিনার সঙ্গে তাঁর ঝগড়া হয়েছিল। তখন তিনি মেয়ে আনিফাকে নিয়ে যেতে চেয়েছিলেন। না পেয়ে একাই বাসা ছেড়ে চলে যান। ডিবির কর্মকর্তারা দাবি করছেন, আনিসুর প্রতারক। তিনি বিদেশে পাঠানো ও চাকরি দেওয়ার কথা বলে বহু লোকের কাছ থেকে টাকা নিয়েছেন। বিদেশে না পাঠিয়ে কিংবা চাকরি না দিয়ে সবার সঙ্গে টালবাহানা করে আসছিলেন। তিনি পাওনাদারদের এড়িয়ে চলতেন। পাওনাদারেরা এসে টাকার জন্য সারজিনাকে অপমান করেছেন। এ নিয়ে সারজিনার সঙ্গে আনিসুরের কথা-কাটাকাটি হতো। ক্ষিপ্ত হয়ে সারজিনাকে মারধরও করতেন আনিসুর। গত শুক্রবার সকালে রাজধানীর বাড্ডা থানার নর্দায় শহীদ হারেস সড়কে আনিসুর রহমানের ভাড়া বাসার দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সারজিনার লাশ উদ্ধার করা হয়। মেঝে থেকে উদ্ধার করা হয় তাঁর ১৪ মাস বয়সী মেয়ে আনিফার গলাকাটা লাশ। এ ঘটনায় গৃহবধূর ভাই সাবাস্তি খান বাদী হয়ে আনিসুরকে আসামি করে মামলা করেন। সারজিনার আত্মহত্যায় আনিসুর প্ররোচনা দিয়েছেন বলে মামলার অভিযোগে বলা হয়েছে। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, মামলাটি বাড্ডা থানা তদন্ত করলেও গতকাল সকালে এর তদন্তভার নেয় ডিবি পুলিশ।