স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় গত শনিবার রাতে আমেনা বেগম (৪০) নামের এক গৃহবধূকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। ঘটনার পর স্থানীয় লোকজন স্বামী আরশেদ আলীকে আটক করে পুলিশে সোপর্দ করে।মোহাম্মদপুর থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আমেনা বেগম স্বামী ও দুই সন্তান নিয়ে জহুরি মহল্লার বস্তিতে থাকেন। শনিবার রাত নয়টার দিকে আরশেদ আলী প্রথমে তাঁকে পাটার পোতা দিয়ে আঘাত করেন এবং পরে বঁটি দিয়ে উপর্যুপরি কোপাতে থাকেন। আমেনা গুরুতর আহত হয়ে চিৎকার করতে থাকলে আশপাশের লোকজন ছুটে যায় এবং আরশেদ আলীকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে আমেনা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।আমেনার বড় ভাই আবদুল গনি মিয়া বলেন, আরশেদ আলীর গ্রামের বাড়ি নাটোরের বড়াইলে। পেশায় তিনি রিকশাচালক। ২০ বছর আগে আমেনার সঙ্গে আরশেদ আলীর বিয়ে হয়। বিয়ের পাঁচ-ছয় বছর পর আমেনার পরিবারের সদস্যরা জানতে পারে, গ্রামের বাড়িতে আরশেদের আরও দুই স্ত্রী রয়েছেন। এ বিষয়টি ছাড়াও আরশেদ প্রায় সময় আমেনার কাছে টাকাপয়সা চাইতেন। এ নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া-বিবাদ চলত।মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় গতকাল আমেনার বড় ভাই আবদুল গনি মিয়া বাদী হয়ে আরশেদ আলীর বিরুদ্ধে হত্যাচেষ্টা এবং গুরুতর জখম ধারায় মামলা করেছেন। ওই মামলায় আরশেদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।