স্ত্রীকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা হোটেল কর্মীর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাম্পত্য সন্দেহের জের ধরে রাজধানীর কল্যাণপুরে কোহিনূর বেগম (৪০) নামের এক গৃহবধূকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তাঁর স্বামী আয়নাল হক বেপারি। এ ছাড়া রাজধানীর মহাখালী থেকে নজরুল ইসলাম (১৮) নামের এক হোটেল কর্মীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। গত শনিবার এই লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।মিরপুর থানার পুলিশ জানায়, কল্যাণপুরে এসপি রোডের একটি বাসায় থাকতেন আয়নাল ও কোহিনূর। শুক্রবার গভীর রাতে কোহিনূর মুঠোফোনে কারও সঙ্গে কথা বলায় আয়নালের সন্দেহ হয়। কোহিনূর অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন—এই সন্দেহে তাঁদের মধ্যে ঝগড়া ও বাগিবতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আয়নাল কোদাল দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যা করেন। এ সময় তাঁদের কিশোরী মেয়ে সুমি আক্তার এগিয়ে গেলে তাকেও দা দিয়ে কোপ দেন আয়নাল। এরপর তিনি পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন।এদিকে রাজধানীর বনানী থানাধীন মহাখালীর আমতলী হকার্স মার্কেটের পেছনে সড়ক ও জনপথের স্টাফ কোয়ার্টারের একটি টিনশেড ঘর থেকে স্থানীয় কাদেরিয়া আবাসিক হোটেলের কর্মী নজরুল ইসলামের (১৮) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বনানী থানার পুলিশ জানায়, শনিবার সকালে বন্ধ ঘরের ভেতর থেকে দুর্গন্ধ বের হওয়ায় আশপাশের লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ দরজা ভেঙে নজরুলের অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। পুলিশ জানায়, লাশ উদ্ধারের তিন দিন আগে স্ত্রীর সঙ্গে নজরুলের ঝগড়ার পর স্ত্রী তাঁকে ছেড়ে চলে যান।