স্ত্রীকে খুন করে তালা মেরে পালিয়েছেন স্বামী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পূর্ব গোড়ানে স্ত্রীকে হত্যার পর ঘরে তালা মেরে পালিয়েছেন স্বামী। গতকাল দুপুরে পুলিশ ওই ঘর থেকে হতভাগী গৃহবধূ কনিকার লাশ উদ্ধার করেছে।পুলিশ জানায়, স্বামী আলী হোসেন রোববার রাতে কোনো এক সময় তাঁকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান। এরপর সোমবার ভোরে তিনি তাঁর মেয়ে আদরকে নিয়ে পাশেই শ্বশুরবাড়িতে যান। স্ত্রী কনিকা (২০) ঘুমাচ্ছেন বলে শাশুড়িকে জানিয়ে মেয়েকে তাঁর কাছে রেখে যান। ঘাতক স্বামী শাশুড়িকে আদরের জন্য ৭০০ টাকাও দেন।সকাল সাড়ে ১০টার দিকে আদরকে নিয়ে কনিকার বাসায় যান তাঁর এক ছোট বোন। কিন্তু ঘরের বাইরে থেকে তালা দেখে সন্দেহ হয় তাঁর। অনেক ডাকাডাকি করেও কনিকা দরজা খোলেননি। পরে লোকজন জড়ো হয়ে ঘরের একটি জানালা ফাঁক করে ভেতরে তাকিয়ে দেখে কনিকা মেঝেতে শুয়ে আছেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ দরজা ভেঙে কনিকার মৃতদেহ উদ্ধার করে।খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমউদ্দীন জানান, কনিকার গলায় দাগ রয়েছে। তাঁকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।চলতি মাসেই ২১ পূর্ব গোড়ানের ভাড়া বাসায় স্ত্রী এবং ১৪ মাস বয়সী কন্যা আদরকে নিয়ে উঠেছিলেন আলী হোসেন। প্রায় দুই বছর সৌদি আরবে অবস্থানের পর তিন মাস আগে তিনি শূন্য হাতে দেশে আসেন। কেন শূন্য হাতে দেশে এসেছেন, সে ব্যাপারে কাউকে তিনি কিছু বলতেন না। দেশে ফেরার পর তিনি তাঁর শ্বশুরের ৫২ উত্তর গোড়ানের বাসায় ওঠেন। এই বাসায় তিনি প্রায় দুই মাস ছিলেন।