স্থগিতাদেশ না থাকায় রায় বাস্তবায়নে বাধা ছিল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলম বলেছেন, স্থগিতাদেশ না থাকায় হাইকোর্টের রায় বাস্তবায়নে কোনো বাধা ছিল না। রায় স্থগিত চেয়ে আবেদন করার পরও তা পরিচালনা (শুনানি) না করা উদ্দেশ্যমূলক। তবে আপিলে জিতে গেলে বেগম খালেদা জিয়া সেনানিবাসের বাড়িটি ফিরে পাবেন। গতকাল রোববার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন ও সহকারী অ্যাটর্নি জেনারেল ফজিলাতুন্নেচ্ছা উপস্থিত ছিলেন।অ্যাটর্নি জেনারেল বলেন, ‘গত ১০ নভেম্বর আপিল আবেদনের (লিভ টু আপিল) শুনানিতে খালেদার আইনজীবীরা হাইকোর্টের রায় স্থগিতের আবেদন পরিচালনা করেননি। ওই দিন তাঁরা (খালেদার আইনজীবীরা) শুনানি মুলতবির প্রার্থনা করেন। আমি এর বিরোধিতা করিনি। তবে আদালতে বলেছি, রায় স্থগিত চাওয়া হলে তার বিরোধিতা করছি।’ তখন আদালত বলেন, তাঁরা তো রায় স্থগিতের আবেদন করছেন না। এর পরও তাঁরা চুপ করে থাকলেন। প্রশ্ন রেখে মাহ্বুবে আলম বলেন, ‘রায় স্থগিতের আবেদন কেন পরিচালনা করা হয়নি—খালেদা জিয়া, আপনি কি আপনার আইনজীবীদের জিজ্ঞাসা করবেন?’মাহ্বুবে আলম বলেন, আইনজীবীরা জানতেন, হাইকোর্টের রায় স্থগিত হয়নি। আর আপিল আবেদনের শুনানি চলার সময় পূর্ববর্তী রায় স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হয়ে যায় বলে খালেদার আইনজীবীরা যে কথা বলে আসছেন, তা ভুল ব্যাখ্যা। আপিল করলেই রায়ের কার্যকারিতা স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হবে, এটা ঠিক নয়। তিনি বলেন, মৃত্যুদণ্ড পাওয়া আসামির ক্ষেত্রে এটা হয়। অন্য ক্ষেত্রে স্থগিত চাওয়া হলে তা পরিচালনা (শুনানি) করতে হয়। আবেদনটি দ্রুত নিষ্পত্তির জন্য পদক্ষেপ নিতে খালেদা জিয়ার আইনজীবীদের প্রতি আহ্বান জানান তিনি।খালেদা জিয়ার আইনজীবীদের গত ১৩ নভেম্বর প্রধান বিচারপতির কাছে যাওয়া প্রথাবিরুদ্ধ মন্তব্য করে মাহ্বুবে আলম বলেন, ‘মামলার কোনো পক্ষ গেলে, অন্য পক্ষকে তা জানাতে হয়। আমাকে অন্ধকারে রেখে তাঁরা প্রধান বিচারপতির কাছে গেছেন। এটা প্রথা ও নীতিবিরোধী। প্রধান বিচারপতির নাম উল্লেখ করে তাঁরা যে বক্তব্য দিয়েছেন, তার কোনো আইনগত ভিত্তি নেই।খালেদার বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে ঠিক হয়েছে কি না—জানতে চাওয়া হলে অ্যাটর্নি জেনারেল বলেন, তাঁর আইনজীবীরাই রায় স্থগিতের আবেদন পরিচালনা করেননি। এরপর সরকারের আর কী করার আছে।প্রসঙ্গত, গত শনিবার সেনানিবাসের মইনুল সড়কের বাড়ি ছাড়তে হয় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে। এর আগে ১৩ অক্টোবর হাইকোর্টের রায়ে খালেদা জিয়াকে বাড়ি খালি করতে ৩০ দিন সময় দিতে সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়। এ সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর গত শনিবার বাড়ি খালি করার উদ্যোগ নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ওই দিন সকালে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের পর খালেদা জিয়ার আইনজীবীরা বলেছিলেন, প্রধান বিচারপতির সঙ্গে আলোচনার পর তাঁদের ধারণা হয়েছে, ২৯ নভেম্বর পর্যন্ত খালেদা জিয়াকে ডিসটার্ব করা হবে না। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার করা লিভ টু আপিল (আপিলের অনুমতির আবেদন) ২৯ নভেম্বর শুনানির দিন ধার্য রয়েছে।