ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) উত্তর ও দক্ষিণের নির্বাচনী কার্যক্রম স্থগিত করে দেওয়া আদেশের মেয়াদ আরও তিন মাস বাড়িয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।এর আগে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৬ এপ্রিল হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই দুই সিটি করপোরেশনের নির্বাচনী কার্যক্রমের ওপর তিন মাসের স্থগিতাদেশ দিয়েছিলেন। গতকাল আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. বশিরউল্লাহ। শুনানিতে মনজিল মোরসেদ বলেন, রুল এখনো শুনানির জন্য প্রস্তুত হয়নি। তাই রুল শুনানি না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ বাড়ানো প্রয়োজন। পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর জন্য আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচনের ওপর ইতিপূর্বে দেওয়া স্থগিতাদেশের মেয়াদ তিন মাস বাড়িয়েছেন আদালত। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুসারে গত ২৪ মে ডিসিসি নির্বাচন হওয়ার কথা ছিল। তবে স্থানীয় সরকার আইনের কয়েকটি ধারা বাস্তবায়ন না করায় ওই নির্বাচন বন্ধ রাখার দাবি জানিয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামে একটি সংগঠন হাইকোর্টে রিট আবেদন করে।