স্থপতি মাজহারুলের নামে সড়ক
আগারগাঁওয়ে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সামনের সড়কটি খ্যাতিমান স্থপতি মাজহারুল ইসলামের নামে করার ঘোষণা দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন।
গতকাল রোববার স্থপতি ইনস্টিটিউট ভবনে ইনস্টিটিউটের ২২তম কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে মন্ত্রী এ ঘোষণা দেন।
বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের প্রথম সভাপতি মাজহারুল ইসলাম বাংলাদেশের বিভিন্ন প্রগতিশীল ও সাংস্কৃতিক আন্দোলনে সক্রিয় ছিলেন। মুক্তিযুদ্ধে প্রত্যক্ষভাবে অংশ নেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট, কেন্দ্রীয় গ্রন্থাগার, জাতীয় গণগ্রন্থাগার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল স্থাপত্যসহ বিভিন্ন ভবন ও প্রকল্পের নকশা তাঁরই করা।
মাজহারুল ইসলামের নামে স্থপতি ইনস্টিটিউটের সামনের সড়কের নামকরণের ব্যবস্থা করা হবে জানিয়ে গণপূর্তমন্ত্রী বলেন, এ বিষয়ে উত্তর সিটি করপোরেশনের মেয়রকে অনুরোধ জানানো হবে। জাতীয় উন্নয়নসহ দেশের স্থাপত্যশিল্পে মাহজারুল ইসলাম অসামান্য অবদান রেখে গেছেন। স্থপতি ইনস্টিটিউটের নবনির্বাচিত সভাপতি ও স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি কাজী গোলাম নাসির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।