স্থপতিদের বার্জার পুরস্কার মনোনয়নপত্র বিতরণ ২ জুলাই
পঞ্চম ‘বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন আর্কিটেকচার-২০১১’-এর মনোনয়নপত্র আগামী ২ জুলাই থেকে বিতরণ শুরু হবে। এই কার্যক্রমের আওতায় আগামী ৮ ডিসেম্বর চারজনকে পুরস্কৃত করা হবে।উদ্যোক্তারা গতকাল বৃহস্পতিবার ঢাকা ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, দুটি বিভাগে চারজনকে এই পুরস্কার দেওয়া হবে। ৪০ বছরের কম বয়সী স্থপতিদের জন্য ‘ইয়াং আর্কিটেক্ট’ বিভাগ এবং সব বয়সীদের জন্য মূল বিভাগ থাকবে। দুই বিভাগেই বাসাবাড়ির নকশার এবং বাণিজ্যিক ভবন, সরকারি-বেসরকারি স্থাপনার নকশার জন্য দুজন করে চারজনকে পুরস্কার দেওয়া হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী, মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) মহসিন হাবিব চৌধুরী, স্থপতি ইনস্টিটিউটের প্রেসিডেন্ট মোবাশ্বের হোসেন ও বার্জার আর্কিটেক্ট অ্যাওয়ার্ড-২০১১-এর সমন্বয়ক ইশতিয়াক জহির।