স্থানীয় ইতিহাস রচনার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতিহাস নির্মাণে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমিকা অপরিসীম। তাই ‘স্থানীয় ইতিহাস’ রচনায় গবেষকদের মনোযোগী হতে হবে। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে স্থাপত্য, ভাস্কর্য, লোক-সাহিত্য সব বিষয়ে মাঠপর্যায়ের গবেষণা বাড়ানো উচিত। ইতিহাস-ঐতিহ্য ছাড়া তথ্যপ্রযুক্তির বিকাশ কেবল একশ্রেণির রোবট তৈরি করবে।
গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর তৃতীয় বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ‘স্থানীয় ইতিহাস’ শীর্ষক এই সম্মেলনে কেন্দ্রের পাঁচটি কক্ষে আলাদা সাতটি অধিবেশন অনুষ্ঠিত হয়। ইতিহাস সম্মিলনীর সাধারণ সম্পাদক অধ্যাপক মেসবাহ কামাল জানান, সাতটি অধিবেশনে মোট ৫৫টির মতো প্রবন্ধ উপস্থাপন করা হয়। সম্মেলনে সংগঠনের সদস্য, বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও লেখকেরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন অর রশিদ বলেন, বাঙালির শাশ্বত জীবন-আদর্শ বা মূল্যবোধের ওপর বারবার আঘাত আসছে। একটি বিশেষ মহল সামাজিক শান্তি, সম্প্রীতি, ধর্মীয় সহনশীলতা ও শ্রদ্ধাবোধ বিনষ্ট করে দীর্ঘ মিথস্ক্রিয়ার প্রক্রিয়ায় গড়ে ওঠা আমাদের মৌলিক মূল্যবোধগুলো ধ্বংস করতে উদ্যত। মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের ইতিহাস ও শহীদদের স্মৃতি সংরক্ষণের দাবি জানিয়ে তিনি বলেন, সমাজ-রাষ্ট্রে, অন্য কথায় ইতিহাস নির্মাণে, প্রান্তিক জনগোষ্ঠী বা সাধারণ মানুষের ভূমিকা অপরিসীম। অথচ ঐতিহাসিকভাবেই তারা থেকে যায় উপেক্ষিত—‘আম আদমি’ অথবা ‘নাম না জানা’দের দলে।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন স্থানীয় ইতিহাসের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বলেন, দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শুধু ব্যবসায় সংক্রান্ত বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়। বাংলা-ইতিহাসের প্রতি আগ্রহ নেই। সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকরের পর পাকিস্তান ও জাতিসংঘের বিবৃতিকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি আঘাত হিসেবে উল্লেখ করে বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর পক্ষ থেকে এর নিন্দা জানান তিনি।