স্থানীয় শাসনব্যবস্থার জবাবদিহিতায় নারী নেতৃত্ব দরকার
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরিন শারমিন চৌধুরী বলেছেন, স্থানীয় শাসন ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নারী নেতৃত্ব তৈরি করতে হবে। সহায়ক পরিবেশ পেলে নারীর পক্ষে এ কাজ করা সম্ভব। গতকাল রোববার জার্নালিজম ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনিশিয়েটিভের (যাত্রী) উদ্যোগে ‘গণমাধ্যমের দৃষ্টিতে স্থানীয় সরকারে নারীর ভূমিকা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, নারী ভাইস-চেয়ারম্যানরা যেসব সমস্যার মুখোমুখি হচ্ছেন, সেসব সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে যোগাযোগ জরুরি।প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক দুলাল চন্দ্র বিশ্বাস বলেন, নারীরা বেশি সংখ্যায় ক্ষমতায় আসলে সমাজে গুণগত পরিবর্তন আসবে। কারণ, নারীরা তুলনামূলকভাবে সৎ, সংবেদনশীল ও অনেক বেশি দায়িত্বশীল।এক সমীক্ষার ফলাফল তুলে ধরে সাংবাদিক অজয় দাশগুপ্ত বলেন, উপজেলা ভাইস চেয়ারম্যানদের ৮৪ শতাংশ মনে করেন উপজেলা পরিষদে নির্বাচিত হওয়ায় সমাজে তাঁদের গুরুত্ব বেড়েছে। গণমাধ্যম ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর অনুষ্ঠানটি পরিচালনা করেন।