স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কাল ম্যাবের গোলটেবিল বৈঠক
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ও দলের মনোনীত প্রার্থীর বিষয়ে মতামত ব্যক্ত করার জন্য কাল রোববার জাতীয় প্রেসক্লাবে উন্মুক্ত গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব)। এতে পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা অংশ নেবেন। থাকবেন স্থানীয় সরকার বিশেষজ্ঞরাও।
আগামীকাল সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এই গোলটেবিল অনুষ্ঠিত হবে।
ম্যাব সূত্র বলেছে, দলীয় প্রতীকে নির্বাচন হলে এর ভালো-মন্দ দিক কী আছে, সে বিষয়ে কোনো গবেষণা করা হয়নি। এ বিষয়ে যথেষ্ট আলোচনাও হয়নি। ফলে স্থানীয় প্রতিনিধিদের মধ্যে নির্বাচন নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এটা সম্পর্কে খোলামেলা আলোচনা করার জন্যই এই বৈঠকের আয়োজন করা হয়েছে।
জানতে চাইলে ম্যাবের মহাসচিব শামীম আল রাজী গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, স্থানীয় সরকার বিশেষজ্ঞসহ স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিদের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।