স্থানীয় সরকার সচিবসহ দুজনকে হাইকোর্টে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত অবমাননার অভিযোগে করা মামলায় স্থানীয় সরকার সচিব রোকেয়া সুলতানা ও সমবায় অধিদপ্তরের নিবন্ধক মুশফিকা ইফফাতকে আগামী ১৪ ডিসেম্বর হাইকোর্টে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রোববার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ আদালত অবমাননার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।সমবায় অধিদপ্তরের অবসরপ্রাপ্ত অতিরিক্ত নিবন্ধক মো. আনোয়ার হোসেন আবেদনটি করেন। আদালতে তাঁর পক্ষে শুনানি করেন সালাহউদ্দিন দোলন। তাঁকে সহায়তা করেন আইনজীবী আফসানা রশিদ ও ওমর ফারুক। দুজনের পক্ষে ছিলেন আইনজীবী গাজী মোশতাক আহমেদ।জানা যায়, পেনশন দাবি করে আনোয়ার হোসেন হাইকোর্টে রিট আবেদন করেন। গত বছরের ২৬ আগস্ট আদালত রায় ঘোষণা করেন। রায়ের অনুলিপি পাওয়ার ১৫ দিনের মধ্যে আদালত আনোয়ার হোসেনের পেনশনের সব বকেয়া পরিশোধ করার নির্দেশ দেন। এ রায়ের বিরুদ্ধে সরকার পক্ষ লিভ টু আপিল (আপিলের অনুমতির আবেদন) করলে গত ৪ ফেব্রুয়ারি তা খারিজ হয়। এর পরও হাইকোর্টের রায় কার্যকর না হওয়ায় আনোয়ার হোসেন আদালত অবমানার আবেদন করেন।