স্থানীয়ভাবে দুর্নাম থাকলে ওসিদের বিরুদ্ধে ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয়ভাবে দুর্নাম থাকলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়া। একই সঙ্গে অপরাধ যেন না হয় সে জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া, ঘটনার কারণ অনুসন্ধানে দক্ষতা বাড়ানো, অপরাধ ঘটার সঙ্গে সঙ্গে দ্রুত সাড়া দেওয়া এবং কার্যকর সেবা নিশ্চিত করতে ওসিদের নির্দেশনা দিয়েছেন তিনি।
গতকাল রোববার রাজারবাগ টেলিকম মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় আসাদুজ্জামান মিয়া এসব নির্দেশনা দেন। সভায় ঢাকা মহানগর পুলিশের ৪৯টি থানার ওসি, ১৬টি অঞ্চলের সহকারী কমিশনার, অপরাধ বিভাগের অতিরিক্ত উপকমিশনার, উপকমিশনাররা উপস্থিত ছিলেন। সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ওসিরা নিজ নিজ থানার মার্চ মাসের অপরাধের চিত্র তুলে ধরেন। অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখার জন্য মিরপুর বিভাগকে শ্রেষ্ঠ বিভাগ হিসেবে পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া পল্লবী অঞ্চলের সহকারী কমিশনার জাকির হোসেন, সূত্রাপুর থানার ওসি তপন কুমার সাহা, শ্যামপুর থানার পরিদর্শক (তদন্ত) এ এক এম হাবিবুর রহমানকে সেরা কর্মকর্তার পুরস্কার দেওয়া হয়।
সাধারণ মানুষ এসে মামলা ও সাধারণ ডায়েরি করতে গিয়ে যাতে সমস্যার সম্মুখীন না হন সে জন্য কাগজ ও কলমের ব্যবস্থা রাখার জন্য ওসিদের নির্দেশ দেন পুলিশ কমিশনার। তিনি বিট পুলিশিংয়ের মাধ্যমে প্রতিটি এলাকায় সামাজিক অপরাধ সমাধান করার জন্য ওসিদের উৎসাহিত করেন। পয়লা বৈশাখের দিন উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান যাতে আয়োজন করা না হয়, সে ব্যাপারে সজাগ থাকার নির্দেশ দেন তিনি।