স্থায়ী ক্যাম্পাসের দাবিতে প্রাইম ইউনিভার্সিটিতে বিক্ষোভ, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে গতকাল রোববার মিরপুর ১ নম্বরে প্রাইম ইউনিভার্সিটিতে বিক্ষোভ ও ভাঙচুর করেছেন ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাঁরা বিশ্ববিদ্যালয়সংলগ্ন সড়ক অবরোধ করে পুরোনো টায়ার জ্বালিয়ে দেন। এতে এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সকাল ১০টা থেকে এ বিক্ষোভ শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ভর্তি, রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রার ও হিসাব বিভাগের কার্যালয়, শিক্ষকদের বসার কক্ষসহ বিশ্ববিদ্যালয়ের দুটি গাড়িতে ভাঙচুর করেন। তাঁরা সড়কে গিয়ে ঢিল ছুড়ে বিশ্ববিদ্যালয়ের জানালার কাচও ভাঙচুর করেন। সড়ক অবরোধ করে টায়ারে আগুন দিলে ঘণ্টা খানেকের মতো গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, তিন বিঘা জমির ওপর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস করতে সরকারের বেঁধে দেওয়া সময় পার হয়ে গেছে। অথচ স্থায়ী ক্যাম্পাসের জন্য কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি। শিক্ষার্থীদের অভিযোগ, কর্তৃপক্ষ জমি কেনার কথা বলে পত্রিকায় যে বিজ্ঞাপন দিচ্ছে, তা লোক দেখানো। তাঁরা অবিলম্বে স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবি জানান।এই অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফুল্ল চন্দ্র সরকার বলেন, স্থায়ী ক্যাম্পাসের জন্য কর্তৃপক্ষ মিরপুর মাজার রোড এলাকায় জমি দেখেছে, ওই জমির পরিমাণ তিন বিঘার কিছু কম। গত ৭ আগস্ট জমির মালিকের সঙ্গে চুক্তি হয়েছে। জমির মালিকানা আর কেউ দাবি করে কি না তা জানতে পত্রিকায় চুক্তিনামার বিষয়টি দেওয়া হয়েছিল। যাচাই শেষে কর্তৃপক্ষ ওই জমি থেকে দুই বিঘা কেনার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু প্রয়োজনের চেয়ে এক বিঘা কম হওয়ায় কর্তৃপক্ষ সমঝোতার জন্য আজ সোমবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে বৈঠক করবে।