ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে অনির্বাচিত প্রতিনিধিকে প্রশাসক হিসেবে নিয়োগসংক্রান্ত সংশোধিত আইনের অংশবিশেষের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। আগামী বৃহস্পতিবার রিটের ওপর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। গতকাল সোমবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানির এই দিন ধার্য করেন। এদিকে ডিসিসির সাবেক মেয়র সাদেক হোসেন খোকার রিটে মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব পালনে স্থিতাবস্থার বিষয়টির সুরাহার জন্য হাইকোর্টের তৃতীয় বেঞ্চে পাঠানো হয়েছে। গত ২৯ নভেম্বর জাতীয় সংসদে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন বিল, ২০১১ পাস হয়। রাষ্ট্রপতির সম্মতির পর ১ ডিসেম্বর তা আইনে পরিণত হয়। এরপর ৪ ডিসেম্বর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে দুজন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। সংশোধিত আইনের ধারা ২৫(১)-এর ‘প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কর্মকর্তাকে প্রশাসক হিসাবে নিয়োগ প্রদান করিতে পারিবে’—এই অংশের বৈধতা চ্যালেঞ্জ করে রোববার রিট আবেদনটি করা হয়। আইনজীবী রেদোয়ান আহমেদসহ চারজন বাদী হয়ে রিটটি করেন। গতকাল দুপুরে আবেদনের ওপর শুনানি হয়। আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মো. সোয়েব উদ্দিন খান।পরে সোয়েব উদ্দিন খান প্রথম আলোকে বলেন, সংশোধিত আইনের ধারা ২৫(১) অনুসারে বিভক্ত সিটি করপোরেশনের ক্ষেত্রে অনির্বাচিত প্রতিনিধিদের প্রশাসক হিসেবে নিয়োগের বিধান যুক্ত করা হয়। এটা সংবিধানের প্রস্তাবনার তৃতীয় প্যারা এবং ৭, ৯, ১১, ৫৯ ও ৬০ অনুচ্ছেদের পরিপন্থী। কারণ, সংবিধানে বলা আছে, স্থানীয় সরকার পরিচালনা করবে নির্বাচিত প্রতিনিধিরা। অন্তর্বর্তীকালীন সময়ে অনির্বাচিত কাউকে দায়িত্ব দেওয়ারও সুযোগ নেই।স্থিতাবস্থার বিষয়টি তৃতীয় বেঞ্চে: ঢাকা সিটি করপোরেশনকে বিভক্তির বৈধতা চ্যালেঞ্জ করে ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন হাইকোর্টে রিট করেছিলেন। এর প্রাথমিক শুনানি নিয়ে গত ৩০ নভেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল জারি করেন। তবে মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব পালনে স্থিতাবস্থা জারির বিষয়ে দ্বৈত বেঞ্চ বিভক্ত আদেশ দেন। বিষয়টি নিষ্পত্তির জন্য হাইকোর্টের তৃতীয় বেঞ্চে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার এ বিষয়ে শুনানির হওয়ার কথা। রিট আবেদনকারীর আইনজীবী রাশনা ইমাম গতকাল প্রথম আলোকে বলেন, প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর বেঞ্চে পাঠিয়েছেন। আদালত বৃহস্পতিবার শুনানির দিন নির্ধারণ করেছেন।