স্নাতক সম্পন্ন, শিগগিরই পদবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

স্নাতক পাসের সনদ পেয়েছে তারা। তবে কোনো বিশ্ববিদ্যালয় দেয়নি এ সনদ এবং যারা এই সনদ পেয়েছে তারা কোনো সাধারণ শিক্ষার্থী নয়, এমনকি মনুষ্য পদবাচ্যও নয় তারা। আমবাঙালি এদের ‘কুত্তা’ নামে ডাকে। প্রমিত বাংলায় বলা হয় কুকুর। তবে এরা দেশি নয়, বিদেশি। তাই তাদের কুকুর বলাই উত্তম। আর প্রশিক্ষণপ্রাপ্ত এই ১০টি কুকুরকে তাদের গুণপনার জন্য গতকাল বৃহস্পতিবার স্নাতক পাসের সনদ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার। শিগগিরই পদবি দেওয়া হবে তাদের।
গাড়ি ও খোলা মাঠের নানা জায়গায় লুকিয়ে রাখা হয়েছে বিস্ফোরকদ্রব্য ও মাদক। সাধারণ পুলিশের এসব খুঁজে পেতে ব্যাপক তল্লাশির প্রয়োজন। তারপরও সন্দেহ থাকে, সব খুঁজে পাওয়া যাবে তো? কিন্তু এই কাজটি মুহূর্তেই করে দেখাল কয়েকটি কুকুর।
এমন দক্ষ ১০টি বিদেশি কুকুর নিয়ে গঠন করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ‘কে-নাইন ইউনিট’। ১০ সপ্তাহের বিশেষ প্রশিক্ষণ শেষে এখন তারা আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুত। এখন থেকে কুকুরগুলো ডিএমপি কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল (সিটিটিসি) বিভাগের ‘স্পেশাল অ্যাকশন ইউনিট’-এর সদস্য হিসেবে কাজ করবে। শিগগিরই তাদের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ও ব্যক্তির নিরাপত্তাসহ বিভিন্ন অভিযানে দেখা যাবে। ইউনিটটি সন্ত্রাস, জঙ্গিবাদ ও উগ্রবাদ দমনে বর্ধিত শক্তি হিসেবে কাজ করবে বলে আশা করছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
কুকুরগুলোর প্রশিক্ষণের সমাপনী উপলক্ষে গতকাল মিরপুর পুলিশ লাইনসে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কুকুরগুলো উপস্থিত পুলিশের কর্মকর্তাদের নানা কসরত দেখায়। ডিএমপি কমিশনার প্রশিক্ষণপ্রাপ্ত ১০ কুকুরকে স্নাতক পাসের সনদ দেন।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. ইউসুফ আলী বলেন, তিনটি পর্যায়ে কুকুরগুলো তাদের কসরত দেখিয়েছে। এসব কসরত দেখে গতকাল তাদের নম্বর দেওয়া হয়েছে, শিগগিরই তাদের পদবি ঘোষণা করা হবে।

পুলিশ সূত্র জানিয়েছে, ইংল্যান্ড থেকে এই ১০টি কুকুর আনা হয়েছে। এর মধ্যে ছয়টি ল্যাবরাডোর ও চারটি জার্মান শেফার্ড প্রজাতির। ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিসের অধীনে চারজন প্রশিক্ষক কুকুরগুলোকে প্রশিক্ষণ দিয়েছেন। প্রশিক্ষণ শুরু হয় গত ২৪ জুলাই। ১০টি কুকুরের মধ্যে ৫টি বিস্ফোরক উদ্ধারে এবং ৫টি মাদকদ্রব্য (ইয়াবা, হেরোইন ও গাঁজা) উদ্ধারে কাজ করবে। অভিযান ছাড়া বাকি সময় কুকুরগুলো থাকবে ডিএমপির মিরপুরে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের জায়গায়। সেখানে তাদের থাকার জন্য পৃথক একটি শেড তৈরি করা হয়েছে। কুকুরগুলোর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে সার্বক্ষণিক একজন চিকিৎসক কাজ করবেন। এদের দৈনন্দিন খাবারের তালিকায় থাকবে ভাত, মাছ ও কাঁচা মাংস।

গতকাল মিরপুরে কুকুরগুলোর প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, অপরাধের ধরন পাল্টেছে। অপরাধীরা নানা কৌশলে অপরাধ করে থাকে। অপরাধ দমনে কে-নাইন ইউনিট মৌলিক পরিবর্তন আনবে। ভিভিআইপি নিরাপত্তায় কে-নাইন ইউনিট ‘সুইপিং’-এর কাজ করবে। অপরাধ দমনে কে-নাইন ডিএমপির একটি নতুন প্রযুক্তি।

এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) শাহাব উদ্দীন কোরেশী, সিটিটিসির প্রধান মো. মনিরুল ইসলাম, বাংলাদেশে মার্কিন দূতাবাসের সিনিয়র ল এনফোর্সমেন্ট অ্যাডভাইজার স্কট কোয়ের্টজসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।