স্পারসোর সেমিনার: বাংলাদেশের উপকূলে ৯০০ বর্গকিলোমিটারের ডুবোচর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ডুবোচরের মানচিত্র নিয়ে স্পারসোর সেমিনার
ছবি: স্পারসোর সৌজন্যে

বাংলাদেশের উপকূলে জেগে ওঠা জমি বা ডুবোচরের মানিচত্রায়ণ দরকার। এ মানচিত্র উপকূলীয় অঞ্চলের বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) আয়োজিত এক সেমিনারে কথাগুলো বলেন বক্তারা।

‘বাংলাদেশের উপকূলে জেগে ওঠা জমির (মাডফ্ল্যাট) মানচিত্রায়ণ’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয় স্পারসো কার্যালয়ে। সেমিনারে সম্মানিত অতিথি ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম। সভাপতিত্ব করেন স্পারসোর চেয়ারম্যান মো. জাফর উল্লাহ খান।

সেমিনারে মূল গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন স্পারসোর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাহমুদুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল পরিবর্তনশীল। নদী বা সমুদ্রের ভাঙনের কারণে অনেক এলাকা যেমন নদী বা সমুদ্রে বিলীন হয়, আবার পদ্মা, মেঘনা ও যমুনা নদী ও এর শাখা নদীসমূহ দ্বারা উজান হতে নেমে আসা পলির প্রভাবে সমুদ্র উপকূলে নতুন নতুন ভূমি জেগে ওঠে। এ জন্য উপকূলীয় এলাকার ডুবোচরের মানচিত্র প্রণয়ন এবং এর ক্রমাগত হালনাগাদকরণ দরকার। মাডফ্ল্যাট বা ডুবোচর হচ্ছে সমুদ্র উপকূলে জেগে ওঠা ভূমি, যা সাধারণত জোয়ারে পানির নিচে তলিয়ে যায় এবং ভাটার সময় ভেসে ওঠে।

স্পারসো ২০১৭-১৮ সালের ল্যান্ডস্যাট-৮ এবং সেন্টিনাল-২ স্যাটেলাইটের চিত্র ব্যবহার করে বাংলাদেশের উপকূলীয় এলাকার মাডফ্ল্যাটের মানচিত্র তৈরি করেছে। এ মানচিত্র থেকে দেখা যায় যে, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জেগে ওঠা টাইডাল ডুবোচরগুলোর ভূমির পরিমাণ ৯০০ বর্গকিলোমিটারের বেশি। সেমিনারে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ডুবোচর গঠনের সময়ানুপাতিক পরিবর্তন ও স্যাটেলাইট চিত্রে ২০২২ সালের মাডফ্ল্যাট ওপরও আলোকপাত করা হয়। মানচিত্রটি উপকূলীয় অঞ্চলের বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বলে সেমিনারে আশা প্রকাশ করেন বক্তারা। এ ছাড়া ডুবোচরের মানচিত্রটি উপকূলীয় এলাকায় ম্যানগ্রোভ বনায়ন ও সমুদ্র থেকে ভূমি পুনরুদ্ধারের পরিকল্পনায় এবং ব–দ্বীপ পরিকল্পনা ২১০০ বাস্তবায়নে ভূমিকা রাখবে বলে আশা রাখা হয়।

সেমিনারে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বন অধিদপ্তর, কোস্টগার্ড, বাংলাদেশ নৌবাহিনী, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।